১১ মার্চ ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

গোয়াইনঘাটে ভারতীয় কসমেটিকস পণ্যসহ আটক ৮

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ১১ মার্চ, ২০২৬ ৪:০৮ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রায় সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় কসমেটিকস পণ্যসহ আটজনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা সদরের ব্রিজসংলগ্ন এলাকায় গোয়াইনঘাট থানার এসআই মো. মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে দুটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। তল্লাশিতে সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৮ হাজার ৮৪৫ টাকা। এ ঘটনায় দুটি গাড়ির চালকসহ আটজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মীরকুটির এলাকার শাওন আহমদ, আড়াইহাজার উপজেলার বাজবী তাঁতিপাড়া গ্রামের মো. সুমন মোল্লা, মো. স্বপন মোল্লা ও মো. তামিম, সিলেটের গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের মো. আলমগীর হোসেন, ঠাকুরগাঁও জেলার বাণীশংকেল এলাকার মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রামধন গ্রামের মো. রুবেল সরকার এবং গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের জুয়েল আহমেদ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

গোয়াইনঘাট চোরাচালান, ভারতীয় কসমেটিকস জব্দ, গোয়াইনঘাট পুলিশ অভিযান, সিলেট সীমান্ত পণ্য, গোয়াইনঘাট আটক ৮ জন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ