২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জ ১ আসন

জোট নিয়ে হতাশা, সুনামগঞ্জে জেলা জামায়াত আমির তালাবদ্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ন


সুনামগঞ্জে ১০ দলীয় জোট নিয়ে হতাশার জেরে জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল খানকে জামায়াতের অফিসে তালাবদ্ধ করে রেখেছেন ভোটার ও সমর্থকেরা।

এ সময় ভোটার ও সমর্থকেরা সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল খানকে মনোনয়ন প্রত্যাহার না করার দাবি জানান।

বিক্ষোভকারীরা জানান, সুনামগঞ্জ ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁন গত বছরের ৫ আগষ্টের পর হাওরে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে ঘুরে বেরিয়েছেন। শক্তিশালী প্রার্থী হিসেবে তিনি ভোটারদের কাছে পরিচিত। 

কিন্তু হেভিওয়েট এই প্রার্থীকে বাদ দিয়ে ১০ দলীয় জোটের প্রার্থী করা হয় নেজামে ইসলামের প্রার্থী মাওলানা মোজাম্মেল হককে। এরই প্রতিবাদে কর্মী সমর্থকরা মাওলানা তোফায়েল খানকে মনোনয়ন প্রত্যাহার না করার দাবিতে বিকেল ৫ টা পর্যন্ত জেলা কার্যালয়ে তালাবদ্ধ করে অবরুদ্ধ করে রাখা হয়। 

বিক্ষোভকারী শাহিন বলেন, ‘সুনামগঞ্জ-১ আসনে তোফায়েল আহমদ খানের কোন বিকল্প নেই। যাকে জোটের প্রার্থী দেয়া হয়েছে তাকে কেউ চিনে না। মানুষের সাথে তার কোন সম্পৃক্ততা নাই। সুনামগঞ্জ-১ আসনে আমরা এমন প্রার্থী চাই না। ‘

হাসানুল বান্না নামের আরেকজন ভোটার বলেন, ‘আমরা শুনেছি এই আসনে নেজামে ইসলামের একজন প্রার্থীকে জোটের মনোনয়ন দেয়া হয়েছে, যেটা আমরা কোনভাবেই মানতে পারি না৷ আমাদের সুখে দু:খে সবসময় ছায়ার মতো ছিলেন তোফায়েল আহমদ খান৷ উনাকে রেখে অন্য কেউ প্রার্থী হোক আমরা চাই না৷ যাকে প্রার্থী দেয়া হয়েছে তিনি আওয়ামীলীগের দোসর। সুনামগঞ্জ-১ আসনের সর্বস্তরের মানুষ তাকে প্রত্যাখান করবে। ’

খায়রুল বাশার বলেন,‘ তোফায়েল আহমদ খান প্রার্থীতা প্রত্যাহার করলে আমরা আরও কর্মসূচি দিতে বাধ্য হবো। সুনামগঞ্জ-১ আসনে আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক তোফায়েল আহমদ খানকেই চাই। তিনি না হলে এই আসনে আমরা জোটের প্রার্থীকে চাই না। প্রয়োজনে এই আসন উন্মুক্ত করা হোক।’

সুনামগঞ্জ জেলায় ১০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেয়ার দাবি জানান তিনি। 

সুনামগঞ্জ ১ আসনের প্রার্থী মাওলানা তোফায়েল খান বলেন, ‘দীর্ঘদিন ধরে ভোটের মাঠে কাজ করছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রীয় ছিলাম। ভোটারদের আশা আকাঙ্খা আমাকে ঘিরে। তাদের আবেগ, ভালোবাসাকে শ্রদ্ধা জানাই।’

তিনি আরও বলেন,  ‘আমার নির্বাচনি আসনে যাকে ১০ দলীয় জোটের প্রার্থী করা হয়েছে তিনি কোন গণসংযোগ করেননি। এছাড়া ইতিমধ্যে ঐ প্রার্থী বিগত আওয়ামী শাসনামলে বিভিন্ন বৈঠক ও সভা করার ভিডিও আমার হাতে এসেছে। আমরা কেন্দ্রকে বিষয়টি অবগত করেছি। ’


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

জোট,হতাশা, সুনামগঞ্জ, জেলা, জামায়াত, আমির, তালাবদ্ধ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ