১৭ এপ্রিল ২০২৬

যাপিতজীবন / ভ্রমণ

এবছর সিলেট থেকে হজে যাচ্ছেন ২৬৭৫ জন হজযাত্রী

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১২ মে, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ন


চলতি বছর সিলেট থেকে হজে যাচ্ছেন দুই হাজার ৬৭৫ জন হজযাত্রী। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। আগামী ১৪ মে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মদিনায় যাবে প্রথম হজ ফ্লাইট। 


সোমবার (১২ মে) বিকেলে নগরীর জেল রোডের আনন্দ টাওয়ারে হাবের সিলেট অঞ্চলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মো. আব্দুল হক।


লিখিত বক্তব্যে তিনি জানান, সিলেট থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে আগামী ১৪ মে সরাসরি সৌদি আরবের মদিনায় যাবে হজের প্রথম ফ্লাইট। গত বছরের মতো এবারও সিলেট থেকে পাঁচটি হজ ফ্লাইট পরিচালিত হবে। এরমধ্যে প্রথম ফ্লাইটটি মদিনায় এবং বাকি চারটি জেদ্দা যাবে।

 

তিনি জানান, এবছর সিলেটের ২ হাজার ৬৭৫ জন হজযাত্রীর মধ্যে সিলেট ওসমানী বিমানবন্দর হজে যাবেন ২ হাজার ৯০ জন এবং বাকি ৫৮৫ জন যাত্রী ঢাকা থেকে হজে যাবেন। 


হাব চেয়ারম্যান আরও জানান, ১৪ মে'র পরে আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট থেকে আরও চারটি ফ্লাইট ছাড়বে। ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে চলবে। প্রতিবছরের ন্যায় এবারও ঢাকাতেই যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে। 


তবে যারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবদর থেকে সরাসরি হজে যাবেন, তাঁদের আগমন ইমিগ্রেশন  সৌদি আরবে হবে।


এ বছর হজ কোটা ব্যবস্থাপনায় প্রতিটি এজেন্সিতে এক হাজার যাত্রী বেঁধে দেওয়ায় কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে উল্লেখ করে মো. আব্দুল হক আরও জানান, এজেন্সিগুলো তাঁদের নিজেদের মধ্যে সমন্বয় করে নেওয়ায় এতে তেমন বেগ পেতে হয়নি। আগামীতে এর সংখ্যা বাড়লেও  সমস্যার সৃষ্টি হবে না, এবারের মতোই সমন্বয় করে নেওয়া হবে।


চলতি বছর সরকারিভাবে সিলেট থেকে নিবন্ধন করেছেন ৩৩ জন হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত ৩০টি হজ এজেন্সির মধ্যে এবার ২১টি এজেন্সি হজ নিবন্ধন কার্যক্রমে অংশ নেয়- সংবাদ সম্মেলনে জানান হাব চেয়ারম্যান। 


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাবের সাবেক সভাপতি আতাউর রহমান, খন্দকার সিপার আহমদ, মোতাহার হোসেন বাবুল, জহিরুল কবির চৌধুরী, আটাব সিলেট অঞ্চলের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান, হাব ভাইস চেয়ারম্যান মশহুদ আহমদ, সাবেক সেক্রেটারি গিয়াস উদ্দিন আহমদ, সদস্য নাজিব বিন মনসুর এবং মো. আলী।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

হজযাত্রী, হাব, সিলেট, ধর্মমন্ত্রণালয়, হজ ফ্লাইট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ