২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

কাজ পাগল স্বামীকে বিজয়ী করার আহ্বান আরিফপত্নী শ্যামা হকের

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট 

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৬ ১০:২২ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে স্থানীয় নারী ভোটারদের অংশগ্রহণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ছৈলাখেল ৮ম খণ্ড এলাকায় স্থানীয় বিএনপি নেতা জিয়ারত খানের বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

 

বিএনপি নেতা জুলহাস শিকদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা ও যুবদল নেতা আব্দুল হান্নানের যৌথ সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক শ্যামা হক চৌধুরী।

 

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ খান। 

 

প্রধান অতিথির বক্তব্যে শ্যামা হক চৌধুরী বলেন, ‘আরিফুল হক চৌধুরী একজন কাজ পাগল মানুষ। কাজের মাধ্যমেই তিনি মানুষের ভালোবাসা অর্জন করেছেন। সিলেট নগরীকে তিনি নিজের সন্তানের মতো গড়ে তুলেছেন। এ কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে এই এলাকার অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন।’

 

তিনি বলেন, ‘জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিএনপি থেকে আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে হবে।’

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেনস চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, পরিচালক সায়িমা সুলতানা চৌধুরী, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খায়রুল ইসলাম, বিএনপি নেতা আজির উদ্দিন সরকার, রমজান আলী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল আহমদ, মহিলা ইউপি সদস্য নাজমা বেগম, মহিলা দল নেত্রী শাহিনা বেগম, বেলী রাণী প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইউপি সদস্য দৌলত খান। উঠান বৈঠকে স্থানীয় শত শত নারী ও নতুন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় নারী ভোটাররা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরলে প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ মনোযোগ দিয়ে তা শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

আরিফপত্নী শ্যামা হক, সিলেট, বিএনপি, আরিফুল হক, সিলেট-৪ আসন, নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ