২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেটে তারেক রহমানের সমাবেশস্থল পরিদর্শনে বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ জানুয়ারী, ২০২৬ ৭:২৬ অপরাহ্ন

ছবিঃ শুক্রবার বিকেলে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসার মাঠ পরিদর্শন করেন বিএনপি নেতৃবৃন্দ।

আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন নগরীর আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। তাঁর আগমনকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ। এ সময় তাঁরা জনসভার মঞ্চস্থল, নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগমের সক্ষমতা, যানবাহন নিয়ন্ত্রণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এসময় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


সমাবেশস্থল পরিদর্শন শেষে সিলেট-৪ আসনের বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, ‘২২ জানুয়ারির জনসভা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিচ্ছে। এই জনসভায় সিলেটের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলে আমরা আশাবাদী।’

 
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেট জেলা বিএনপি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ, আলিয়া মাদ্রাসার মাঠে লাখো মানুষের উপস্থিতি ঘটবে।’


মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন, ‘এই জনসভা শুধু একটি নির্বাচনী আয়োজন নয়, এটি বিগতদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তিশালী বহিঃপ্রকাশ। মহানগর বিএনপির প্রতিটি ইউনিট নেতাকর্মীদের সর্বাত্মকভাবে মাঠে নামানো হয়েছে।’

মাঠ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি শাহজামাল নুরুল হুদা, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান, যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, কোহিনূর আহমেদ ও মাহবুবুল হক চৌধুরীসহ অন্যান্য নেতারা।

আগামী ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগের রাতে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। প্রচারের প্রথম দিন সকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বেলা ১১টায় আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন।

জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন এবং সংশ্লিষ্ট জেলার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন। 


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, তারেক রহমান, বিএনপি, জনসভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ