২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ১০ দলীয় জোট প্রার্থী মুনতাছির আলীর মতবিনিময়

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেটৎ

প্রকাশঃ ১ জানুয়ারী, ২০২৬ ৯:১০ অপরাহ্ন



ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, সিলেট-২ আসন থেকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি হিংসা-বিদ্বেষ, দখলদারিত্ব ও চাঁদাবাজির রাজনীতি পরিহার করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মুনতাছির আলী বলেন, নির্বাচনের আগে নিজেকে নির্বাচিত ভাবার সুযোগ নেই; জনগণের সমর্থন নিয়েই প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে বিজয়ী হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। সুস্থ ধারার রাজনীতির জন্য সবার জন্য সমান রাজনৈতিক মাঠ নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা থাকতে পারে না।

তিনি আরও বলেন, ‘হ্যাঁ ভোট’কে জয়যুক্ত করে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ১০ দলীয় জোট কাজ করছে। জনগণের ভোটে জোটের প্রার্থীরা বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। তিনি নিজেকে কোনো একক দলের নয়, বরং জোটের প্রার্থী হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এ অঞ্চলের শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে শাসক নয়, একজন সেবক হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউকে বার্মিংহামের সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইব, ওসমানীনগর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, সহসভাপতি মাওলানা আজমল হুসাইন, সাধারণ সম্পাদক মুফতি জয়নাল আবেদীন, বায়তুল মাল সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সিলেট জেলা ছাত্র মজলিসের সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, ওসমানী নগর, ১০ দল, জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ