২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেট-৫ আসনে ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ ডিসেম্বর, ২০২৫ ১২:১৫ অপরাহ্ন

ছবিঃ মাওলানা ওবায়দুল্লাহ ফারুক

সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এই আসনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনর রশিদ (চাকসু মামুন)। তিনি সিলেট জেলা বিএনপির প্রথম সহসভাপতি। দীর্ঘদিন ধরে তিনি নির্বাচন অংশগ্রহণ করার জন্য কাজ করে আসছিলেন। 

জানা গেছে, স্বাধীনতার পর আসনটিতে চারবার আওয়ামী লীগ, তিনবার জাতীয় পার্টি ও দুবার স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। এ ছাড়া বিএনপি, ইসলামী ঐক্যজোট ও জামায়াতে ইসলামীর প্রার্থী একবার করে জয়ী হয়েছেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। তাঁর বাবা প্রয়াত আল্লামা আবদুল লতিফ চৌধুরী সারা দেশে ‘ফুলতলী হুজুর’ হিসেবে পরিচিত।

এদিকে, মঙ্গলবার বিএনপির এমন সিদ্ধান্তে হতাশ সিলেটের কানাইঘাট-জকিগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীরা। দীর্ঘ ৩০ বছরে এ আসনে বিএনপির কোনো নেতা এ আসনে দলের মনোনয়ন পাননি। সর্বশেষ ২০১৮ সালেও এ আসনে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে মনোনয়ন দেওয়ায় দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপি নেতা মামুনুর রশীদ (চাকসু মামুন)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ (চাকসু মামুন) বলেন, ‘আমি নির্বাচন করবো এটা চূড়ান্ত। মনোনয়ন ফরম কিনেছি, আজকে জমাও দেবো। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তা নেই। আমি দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য কাজ করছি। এখন আর নির্বাচন না করার কোনো সুযোগ নেই।’

আসন সমঝোতার বিষয়ে মির্জা ফখরুল জানান, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট-৫, আসন, ওবায়দুল্লাহ ফারুক, প্রার্থী, ঘোষণা, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ