২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

প্রতিনিধি, বিয়ানীবাজার, সিলেট

প্রকাশঃ ২০ ডিসেম্বর, ২০২৫ ৭:১৯ অপরাহ্ন



আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় বিয়ানীবাজার উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন বিয়ানীবাজার উপজেলা যুবঅধিকার পরিষদের অর্থ সম্পাদক যুবনেতা কাওছার আহমদ।

এ সময় গণঅধিকার পরিষদের নেতা আবুল কাশেম ও যুবনেতা আবু সুফিয়ানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে যুবনেতা কাওছার আহমদ বলেন, “নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ সবাই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমরা আশাবাদী, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং ট্রাক প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।”

যুক্তরাজ্যপ্রবাসী অ্যাডভোকেট জাহিদুর রহমান গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় কমিটির সমন্বয়ক। একই সঙ্গে তিনি প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে তিনি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার মানুষের কল্যাণে কাজ করে আসছেন। স্থানীয় জনগণের দুঃখ-দুর্দশা কাছ থেকে দেখেছেন এবং মানুষের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রেখেছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও দীর্ঘদিনের বঞ্চনা দূর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রাজনীতির বাইরেও অ্যাডভোকেট জাহিদুর রহমান একজন সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। দেশ ও বিদেশে একাধিক সামাজিক ও দাতব্য সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান বলেন, নির্বাচন কমিশনের বিধি-বিধান মেনেই আমার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে, ইনশাআল্লাহ। সিলেট-৬ আসনের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, বিয়ানীবাজার, জাতীয় সংসদ নির্বাচন, মনোনয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ