২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার খেলাফত মজলিস প্রার্থী শাহীনুর পাশার

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ ৮:১৯ অপরাহ্ন


সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, আল্লাহ যদি তাকে খাদিম হিসেবে কবুল করেন, তবে তিনি দুই থানার মানুষের উন্নয়নে কোনো ধরনের বৈষম্য ছাড়াই কাজ করে যাবেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৫টায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে বিজয় র‌্যালী শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহীনুর পাশা চৌধুরী বলেন, সুনামগঞ্জ-৩ আসনের ৫২৪টি গ্রামের প্রতিটি বাড়িতে তিনি গিয়েছেন, মানুষের উঠানে বসেছেন, কথা শুনেছেন এবং কোথাও কোথাও রাত যাপনও করেছেন। তিনি দাবি করেন, দেশের খুব কম এমপি বা এমপি প্রার্থীই এভাবে মাঠে ঘুরে মানুষের খোঁজখবর নিয়েছেন। এমপি থাকাকালীন সময়ে প্রতিটি গ্রামে গিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ১৯৭১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে বারবার সরকার ও রাজনৈতিক শক্তির পরিবর্তন হয়েছে। বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শাসন জনগণ দেখেছে। এখন দেশের মানুষ ইসলামী মূল্যবোধভিত্তিক একটি সরকার দেখতে চায়।

সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দিন ছালেহ। সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মো. সানা উল্লাহ, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জৈনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সহ-প্রচার সম্পাদক মাওলানা আবদুস শহিদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, শাহীনুর পাশা চৌধুরী, বিজয় দিবস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ