২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেট-৬ আসন

ফয়সল ছাড়া শক্ত লড়াই সম্ভব নয়: বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ নভেম্বর, ২০২৫ ৪:০৫ অপরাহ্ন

ছবিঃ এমরান আহমদ ও ফয়সল আহমদ চৌধুরী

সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপির দুই উপজেলার সিনিয়র নেতারা। গত ২৩ নভেম্বর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তাঁরা লিখিত আবেদন পাঠান।

লিখিত আবেদনে নেতারা বলেন, ফয়সল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে এলাকায় দলীয় কার্যক্রমে সক্রিয়। রাজনৈতিক প্রতিকূল সময়ে তিনি কর্মী ও সাধারণ মানুষের পাশে ছিলেন। বন্যা, করোনাকালীন সংকট ও বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁর অংশগ্রহণ এলাকায় গ্রহণযোগ্যতা বাড়িয়েছে।

নেতারা আরও উল্লেখ করেন, প্রায় ১৮ বছর ধরে ফয়সল আহমদ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় জনকল্যাণমূলক উদ্যোগ পরিচালনা করে আসছেন। শিক্ষাবৃত্তি প্রদান, ধর্মীয় ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান, শিশুদের খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মকাণ্ডে তিনি দলের ভিত্তিকে সংগঠিত রেখেছেন।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে সিলেট–৬ আসনে বিএনপির প্রার্থী ছিলেন ফয়সল আহমদ চৌধুরী। ওই নির্বাচনে তিনি এক লাখ আট হাজার উননব্বই ভোট পেয়েছিলেন বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়। নেতাদের অভিযোগ, রাতে ভোট ডাকাতির মাধ্যমে সেই আসনের ফল পাল্টে দেওয়া হয়। তাঁদের দাবি, ওই সময়কার ফলাফল ফয়সলের জনপ্রিয়তার প্রমাণ বহন করে।

আবেদনে বলা হয়, ফয়সল আহমদের সক্রিয় যোগাযোগ, মাঠপর্যায়ে উপস্থিতি ও নেতৃত্বগুণ তাকে এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। দলীয় নেতাকর্মীরাও তাঁর নেতৃত্বে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই সিলেট–৬ আসনে তাঁর মনোনয়ন পুনর্বিবেচনা করলে দল উপকৃত হবে।

আবেদনপত্রে স্বাক্ষর করেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. নোমান উদ্দিন মুরাদ, প্রথম সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরওয়ার হোসেন, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, দুবাগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নিয়াজউদ্দিন এবং বিয়ানীবাজার পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. কবির আহমদ।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, সিলেট-৬ আসন, বিএনপি, জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ