১৭ এপ্রিল ২০২৬

যাপিতজীবন / ভ্রমণ

হাওর-পাহাড়-নদী ঘিরে সপ্তাহান্তে জমে ওঠে সিলেটের পর্যটন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ জুন, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ন


সাপ্তাহিক বন্ধের দিন অর্থাৎ শুক্রবার আর শনিবার মানেই যেন সিলেটে উৎসবমুখর পর্যটনের দিন। হাওর, পাহাড় আর নদীঘেরা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এই অঞ্চল ছুটির দিনে ভরে ওঠে পর্যটকদের পদচারণায়। 

সিলেট-শ্রীমঙ্গলের চা বাগান, জাফলং, রাতারগুল, বিছনাকান্দি, ভোলাগঞ্জ, টাঙ্গুয়ার হাওর কিংবা মাধবকুণ্ড—সবখানেই যেন মানুষের ঢল। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের নিয়ে ঘুরতে আসেন দূর-দূরান্তের মানুষ।

শুক্রবার (২৭ জুন) সকাল থেকেই দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা পর্যটকদের গাড়ি ছুটে চলে সিলেট বিভাগের পর্যটন কেন্দ্রগুলোর দিকে। কেউ আসেন পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সাথে।

সিলেটে ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় বর্ষাকাল। তবে এবার বর্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই কয়েক দফা বৃষ্টিপাত হওয়ায় সিলেটজুড়ে বর্ষার আবহ চলে এসেছে আগেভাগেই। নদ-নদী, হাওর ও খাল-বিলের পানি বেড়ে চারপাশ ভরে উঠেছে সজীবতায়। টইটম্বুর পানিতে সিলেটের জনপ্রিয় পর্যটন স্থানগুলো পেয়েছে মোহনীয় এক রূপ।

ঢাকা থেকে আসা ব্যাংক কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, ‘সপ্তাহের কর্মব্যস্ততা শেষে প্রশান্তি খুঁজে নিতে ছুটে এসেছি সিলেটে। প্রাকৃতিক সৌন্দর্য এখানে যে কারও মন ছুঁয়ে যাবে।’

একই কথা বলেন মিরপুর থেকে আসা পর্যটক আনিকা রহমান। তিনি বলেন, ‘সিলেটের নদী আর পাহাড়ের মিলনে যে পরিবেশ সৃষ্টি হয়, তা শহরে পাওয়া যায় না। শুধু শুক্রবার নয়, সুযোগ পেলে আবারও আসব।’

পর্যটক বহনকারী মাইক্রোবাস চালক সোহেল মিয়া বলেন, ‘প্রতি শুক্রবারেই গাড়ি পাওয়া যায় না, সকাল থেকেই বুকিং হয়ে যায়। বিছনাকান্দি বা সাদাপাথর যাওয়ার জন্য মানুষের তীব্র আগ্রহ।’

সুনামগঞ্জ জেলার পর্যটন নিয়ে কাজ করা শাহরিয়ার আলম বলেন, ‘গত কয়েক বছর ধরেই সিলেটের পর্যটন সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ জেলায় পর্যটক বেড়েছে।  সাপ্তাহিক ছুটিতে দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকেরা এখানে ভিড় করছেন। সরকারি-বেসরকারি পর্যায়ে আরও কিছু সুযোগ-সুবিধা বাড়ানো গেলে এই খাত আরও সমৃদ্ধ হবে।’

স্থানীয় হোটেল ও রিসোর্ট মালিকদের মতে, শুক্র-শনিবার তাদের প্রায় সব বুকিং পূর্ণ থাকে। 

সিলেট নগরীর দরগাহ গেইটের হোটেল আল আরবের ম্যানেজার হুমাইয়ুন কবির নবীন বলেন, ‘বৃহস্পতিবার রাত থেকেই হোটেলে পর্যটক আসতে শুরু করেন। শুক্রবার সকালে সবাই সাইট ভিজিটে বেরিয়ে পড়েন। এই ধারাবাহিকতা পুরো মৌসুমজুড়েই থাকে।’


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট, পর্যটন, জাফলং, বিছনাকান্দি, ভোলাগঞ্জ, টাঙ্গুয়ার হাওর, চা বাগান, পর্যটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ