২৮ জুন ২০২৬

রাজনীতি / সরকার

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ জুন, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন

ছবিঃ ড. আ ন ম এহছানুল হক মিলন

দীর্ঘদিন ধরে চলমান শিক্ষক সংকট নিরসনে আগামী জুলাই মাস থেকেই বড় পরিসরে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমানে শুধু এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানেই প্রায় ৭৭ হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে। সরকারি স্কুল-কলেজেও রয়েছে বিপুল সংখ্যক শূন্যপদ।

রোববার সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন শিক্ষক নিয়োগ না হওয়ায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। কোথাও একজন বা দুজন শিক্ষক দিয়ে পুরো বিদ্যালয় চালাতে হচ্ছে। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করছে।

তিনি বলেন, জুলাই থেকে আমরা শিক্ষক নেওয়া শুরু করব। শিক্ষক সংকট দূর করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।

ড. মিলন বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ আরও স্বচ্ছ ও মেধাভিত্তিক করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রভাব খাটিয়ে নিয়োগের সুযোগ কমিয়ে কেন্দ্রীয়ভাবে নিয়োগ ব্যবস্থা আরও কার্যকর করা হবে।

তিনি বলেন, শিক্ষক নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব চলবে না। যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের দীর্ঘদিনের শূন্যপদের বিষয়ে মন্ত্রী বলেন, আদালতে মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে বছরের পর বছর নিয়োগ ও পদোন্নতি আটকে ছিল। সরকার সেই জটিলতা নিরসনে কাজ করছে।

তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে বহু শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি, আইসিটি ও বিজ্ঞান বিষয়ের শিক্ষক নেই। ফলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফল করতে পারছে না। এ সংকট দূর করতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে শুধু শিক্ষক নিয়োগ নয়, ডিজিটাল মনিটরিং, স্মার্ট ক্লাসরুম এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকরা নিয়মিত পাঠদান করছেন কি না, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন এসবও প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।

সভায় শিক্ষক সংকট, এমপিও, সরকারিকরণ, পরীক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন কেন্দ্র প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা মতামত তুলে ধরেন। তাদের বক্তব্য শোনার পর মন্ত্রী সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানের আশ্বাস দেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, শিক্ষক, শিক্ষক নিয়োগ, শিক্ষামন্ত্রী, এহছানুল হক মিলন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ