২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

সুনামগঞ্জের শাল্লা

ফেসবুকে নিজেকে ‘পরিবেশ উপদেষ্টার সহযোগী’ দাবি, ভিত্তিহীন বলছে প্রশাসন

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৭ মে, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ন


সুনামগঞ্জের শাল্লায় নিজেকে পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টার 'সহযোগী’ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পোস্ট করেছেন তানভীর আহমেদ চৌধুরী নামে এক যুবক। 


মুহুর্তেই ভাইরাল হয় পোস্টটি। শুভাকাঙ্ক্ষীরাও মন্তব্যে ঘরে তাকে অভিনন্দন জানাতে থাকেন। তবে পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই তার দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে স্পষ্ট জানিয়ে দেয় সুনামগঞ্জ জেলা প্রশাসন। 

পোস্টে মঙ্গলবার (২৭ মে) বিকেল পর্যন্ত প্রায় দুই শতাধিক মন্তব্য জমা পড়ে। একইসঙ্গে আরও ১৮ জন তার পোস্টটি শেয়ার করেন।

এর আগে, সোমবার (২৬ মে) রাতে 'আলহামদুলিল্লাহ, পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টার সহযোগী হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সবাই দোয়া করবেন।' লিখে ফেসবুকে একটি পোস্ট করেন তানভীর আহমদ। 

এদিকে তার ফেসবুক পোস্টটি সুনামগঞ্জ জেলা প্রশাসনের নজরে আসলে প্রশাসনের সরকারি মিডিয়া সেল থেকে স্পষ্টভাবে জানানো হয়, 'নিজেকে পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টার সহযোগী দাবি করা তানভীর আহমদ চৌধুরীর পোস্টটি ভিত্তিহীন। 

পোস্টটি সম্পূর্ণ ভুয়া এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাছাড়া তদন্তেও তানভীরের সঙ্গে পরিবেশ মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক পাওয়া যায়নি বলে জানায় মিডিয়া সেল। 

জানা যায়, তানভীর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। 

তবে পোস্টের বক্তব্যটি সঠিক নয়, সেটি ‘ফান’ পোস্ট ছিল বলে জানিয়েছেন পোস্টকারী তানভীর আহমেদ চৌধুরী। 

তিনি বলেন, ‘আমাদের সহযোগিতার কারণেই তো উপদেষ্টারা আজ এই জায়গায়। আমরা সচিবালয়ে যাই, ওনাদের সহযোগিতা করি।'

তিনি আরও বলেন, 'সচিবালয়ে এখন একটা সমস্যা চলছে। অনেকেই ফেসবুকে মজা করে অনেক কিছু লিখছেন। আমার এটাও মজা করে লেখা ছিল। কিন্তু এখন বুঝতে পারছি, মানুষ এটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছেন।’

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, 'তানভীরের এমন কোনো দায়িত্ব নেই বলে মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে।'


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ফেসবুক পোস্ট, শাল্লা, তানভীর আহমদ চৌধুরী, পরিবেশ উপদেষ্টার সহযোগী দাবি, ভুয়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ