
মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তিন কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান হারুন আলী (৫৮), হেলপার নানু মিয়া (৪০) এবং গাড়িচালক কামরুল ইসলাম (৩০)। এর মধ্যে গুরুতর আহত হারুন আলীকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাতে কাজ শেষে তিন কর্মচারী পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা হারুন আলীর অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠান। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা সিএনজি চালকসহ যানটি আটক করে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তার মাধ্যমে থানায় নিয়ে যান বলে জানা যায়। তবে পরে পুলিশ চালককে ছেড়ে দেয়—এ অভিযোগ তুলে বিদ্যুৎ বিভাগের ওই কর্মকর্তা লিখিত অভিযোগ না দিয়েই থানা ত্যাগ করেন।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, সিএনজিসহ চালককে আমাদের অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়নি। সে সুযোগ বুঝে চলে গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
কুলাউড়া, সিএনজি দুর্ঘটনা, বিদ্যুৎ বিভাগ, হারুন আলী, সিলেট হাসপাতাল

