প্রতিষ্ঠার ১৫ বছর পর ওয়াশ ব্লক পাচ্ছে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়
দৈনন্দিন
প্রকাশঃ ১১ মে, ২০২৬ ৪:২৬ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অর্থায়নে নির্মিত এই ওয়াশ ব্লকের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর এই উদ্যোগে আনন্দ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তারা জানায়, এতদিন নিরাপদ ও পরিচ্ছন্ন স্যানিটেশন ব্যবস্থার অভাবে তাদের নানা ভোগান্তিতে পড়তে হতো। নতুন ওয়াশ ব্লক নির্মাণের ফলে সেই দুর্ভোগ অনেকটাই কমবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, টয়লেট সমস্যার কারণে শিক্ষার্থীরা প্রতিদিন নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতো। এতে শুধু স্বাস্থ্য ঝুঁকি নয়, উপস্থিতি ও শিক্ষার স্বাভাবিক পরিবেশও ব্যাহত হচ্ছিল। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আমরা খুবই আনন্দিত।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমন বলেন, প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী দীর্ঘদিন জরাজীর্ণ টয়লেট ব্যবহার করত। বিশেষ করে মেয়েদের জন্য এটি বেশি কষ্টকর ছিল। নতুন ওয়াশ ব্লক শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বড় স্বস্তি নিয়ে আসবে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কসতা জানান, শিশুদের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন নিশ্চিত করতে তাদের কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, শিশুদের সুষ্ঠু বিকাশের জন্য শুধু শিক্ষা নয়, প্রয়োজন স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গোয়াইনঘাট, গুচ্ছগ্রাম স্কুল, ওয়াশ ব্লক উদ্বোধন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সিলেট শিক্ষা উন্নয়ন