
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে (ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর ও জামালগঞ্জ) তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটের মাঠে এখন পর্যন্ত আলোচনায় রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল (ধানের শীষ) ও জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদ (দাঁড়িপাল্লা)।
এ আসনে ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার (বই প্রতীক) নির্বাচন করছেন। জোটের প্রার্থী হলেও তার সঙ্গে নেই জামায়াত।
তার অভিযোগ, জামায়াতে ইসলামী তাঁর সঙ্গে প্রতারণা করেছে। এ নিয়ে রোববার (৯ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করেছেন ওই প্রার্থী। জোটের সবচেয়ে বড় দল সঙ্গে না থাকায় খুব একটা ভালো অবস্থানে নেই মুজ্জাম্মিল হক।
এ অবস্থায় ভোটের মাঠে মূল আলোচনায় বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল ও জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদ।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, হাওর অধ্যুষিত এই আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে কামরুল ও তোফায়েল আহমদের মধ্যে। প্রতিদিনই চিত্র পাল্টাচ্ছে ভোটের মাঠের। নির্বাচনের মাঠে বিএনপির প্রার্থী এগিয়ে থাকার সুর থাকলেও শক্ত অবস্থান জামায়াতের। তবে দুই প্রার্থীর ভাগ্য নির্ভর করছে আওয়ামী লীগের ভোট ব্যাংকে- এমনটাও ধারণা করছেন তারা।
বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুলকে বিজয়ী করতে বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন বলে মনে করছেন স্থানীয়রা। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েলকে জেতাতে মরিয়া দলটির নেতাকর্মীরা।
ভোটারদের ধারণা, তৃণমূল পর্যায়ে শক্ত সাংগঠনিক ভিত্তি রয়েছে জামায়াতের। জেলা আমির প্রার্থী হওয়ায় কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা কাজ করছে। ফলে তাকে জেতাতেও মরিয়া ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
শেষ সময়ের প্রচারণায় উত্তাপ ছড়িয়ে পড়েছে আসনের চার উপজেলায়। গেল কয়েকদিন ধরেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। হাটে-প্রান্ত থেকে শুরু করে গ্রাম-গঞ্জ, সর্বত্র মিছিল-মিটিং, লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন তাঁরা। ভোটারদের বাড়ি-বাড়ি গিয়েও ভোট প্রত্যাশা করছেন প্রার্থীরা। এদিকে আগামীকাল সকালে শেষ হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা।
এদিকে নির্বাচনে প্রার্থীতা নিয়ে জামায়াত প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় জোটের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার। গত রোববার এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ‘জামায়াতে ইসলামী আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি মজলুম, বিচার চাই।’
নিজেকে ১১ দলীয় জোটের প্রার্থী উল্লেখ করে তিনি জানান, জোটের প্রার্থী হিসেবেই তিনি ভোটের মাঠে থাকবেন এবং ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান তিনি।
মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার জানান, তিনি সুনামগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চূড়ান্ত মনোনীত প্রার্থী। সম্প্রতি তিনি জানতে পারেন, সিলেট আলিয়া মাদরাসা মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদের হাতে এই আসনের জন্য দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হয়েছে। তিনি এ ঘোষণাকে বিভ্রান্তিকর ও অসত্য বলে দাবি করে ভোটের মাঠে সক্রিয় থাকার ঘোষণা দেন।
এর আগে গত শনিবার সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির তাঁর বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লার প্রতীক তুলে দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর তোফায়েল আহমদের হাতে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, সুনামগঞ্জ-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৭ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৩ হাজার ২০৯ জন, নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ৫০৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৭৭টি এবং চার উপজেলা নিয়ে গঠিত এই আসনে ইউনিয়নের সংখ্যা ২৩টি।
শেয়ার করুনঃ
নির্বাচন থেকে আরো পড়ুন
সুনামগঞ্জ-১ আসন, নির্বাচন, কামরুল, জাতীয় নির্বাচন


