১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

দোয়ারাবাজারে মেসেঞ্জার গ্রুপ থেকে বাদ দেওয়ায় বন্ধুকে ছুরিকাঘাত

প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ১২ মে, ২০২৫ ৯:১৮ অপরাহ্ন


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ফেসবুকের মেসেঞ্জার গ্রুপ থেকে বাদ দেওয়ায় বন্ধুর বিরুদ্ধে দ্বীপ্রয় দেবনাথ (১৮) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। 


এ ঘটনায় আহতের ভাই রমেন্দ্র মোহন নাথ বাদি হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মামলায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করা হয়। অভিযুক্তরা হলেন, আহতের বন্ধু সজিব আহমদ (১৯), তফজ্জুল আলী (১৯), আব্দুল লতিফ (৪৮), আব্দুল আওয়াল (৪৬) ও আব্দুল কুদ্দুছ (৪০)।

আহত দ্বীপ্রয় দেবনাথ উপজেলার দোহালিয়া ইউনিয়নের কিত্তেরাজনপুর গ্রামের জিতেন্দ্র দেবনাথের ছেলে। 

মামলার অভিযোগে বলা হয়েছে, কয়েক মাস আগে দ্বীপ্রয় ও তার সহপাঠীরা একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ তৈরি করেন, যার অ্যাডমিন ছিলেন দ্বীপ্রয় নিজেই। কিছুদিন পর অভিযুক্ত সজিব আহমদকে গ্রুপে যুক্ত করা হলে তিনি সেখানে 'অশালীন পোস্ট' করতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে অন্যান্য সদস্যদের মতামতের ভিত্তিতে সজিবকে গ্রুপ থেকে সরিয়ে দেন দ্বীপ্রয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এরপর প্রতিশোধ নিতে দ্বীপ্রয়ের সঙ্গে পুনরায় স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলে সজিব। পরে গত রোববার (১১ মে) সন্ধ্যায় ফেসবুক চ্যাটে ডেকে এনে পূর্বপরিকল্পনা অনুযায়ী সজিব ও তার সহযোগীরা মিলে দ্বীপ্রয়কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, অভিযুক্ত আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

বন্ধুকে ছুরিকাঘাত, ফেসবুক-মেসেঞ্জার গ্রোপ, দোয়ারাবাজার, ছুরিকাঘাত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ