২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

সুনামগঞ্জে শীতের দাপট, বিপাকে শ্রমজীবিরা

নোহান আরেফিন নেওয়াজ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ন

ছবিঃ শীতে দুর্ভোগ পোহাচ্ছেন শিশু-বয়োবৃদ্ধরা

কুয়াশা আর শৈত্য প্রবাহে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জেঁকে বসেছে শীত। চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে শীতের দাপটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শান্তিগঞ্জের সব বয়সের মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন শিশু-বয়োবৃদ্ধরা। গত তিন দিন ধরে দিনের বেলা সূর্যের দেখা মিলছেই না। 

তীব্র শীতের কারণে বিপাকে পড়েছেন রিকশাচালক, কৃষক, দিনমজুর ও ছিন্নমূল মানুষরা। হাড়কাঁপা শীতে পর্যাপ্ত সময় কাজ করতে না পারায় উপার্জনে ভাটা পড়েছে তাদের। ফলে পরিবারের ভরণপোষণে হিমশিম খেতে হচ্ছে শ্রমজীবি এসব মানুষের পরিবারে।

এছাড়া বোরো জমির গৃহস্থ ও কৃষি শ্রমিকরাও পড়েছেন চরম দুর্ভোগে। শীতে বরফের মত ঠান্ডা পানি ও কাঁদায় যেন হাত চলে না তাদের। অতি কষ্টে চারা রোপন করে দুপুর গড়ালেই ঘরমুখো হচ্ছেন তারা।

শীতের প্রকোপ বাড়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন ছিন্নমূল মানুষেরা। শীত নিবারনে লেপ কিংবা কম্বল কেনার সামর্থ না থাকায় চরম দুর্ভোগে রাত্রিযাপন করছেন তারা। ফলে ঠান্ডাজড়িত নানা রোগে আক্রান্ত হচ্ছেন এসব পরিবারের মানুষরা। তাদের এই দুর্ভোগ লাঘব করতে সরকারী-বেসরকারীভাবে শীতবস্ত্র সহায়তার দাবি তাদের। 

আবুল কালাম নামের পাগলা বাজারের এক রিকশাচালক বলেন, 'রিকশা চালানোর সময় ঠান্ডায় হাত পা অবশ হওয়ার উপক্রম হয়।বাতাসে নাক-চোখ দিয়ে পানি পড়ে। শরীর না মানলেও পেটের টানে যত সময় পারা যায় রিকশা চালাই। অল্প উপার্জন দিয়ে টেনেটুনে সংসার চালাতে হচ্ছে।'

চন্দ্রপুর গ্রামের স্বামী-পুত্রহীন রহিমা বেগম বলেন, 'কয়েকদিন ধরে শীত বেড়ে গেছে। আমাদেরও কষ্টের শেষ নেই। শীত নিবারণের মত শীতবস্ত্র পাইনি। সরকার, জনপ্রতিনিধি, সমাজের বৃত্তবানদের সহযোগীতা চাই।'

কৃষক রুপ মিয়া বলেন, 'বোরো ফসল রোপনের কাজ শুরু হয়েছে। প্রায় ৩ একর জমিতে ফসল রোপন করবো এবছর। কিন্তু শীত বাড়ায় বিপাকে পড়েছি। শীতের কারণে শ্রমিক পেতে কষ্ট হয়।'

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহজাহান বলেন, 'ছিন্নমূল হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য কম্বল বরাদ্দ পেয়েছি। উপজেলার প্রতিটি ইউনিয়নে কম্বল পৌঁছে দেওয়া হয়েছে। অবশিষ্ট কম্বল উপজেলা প্রশাসন থেকে বিতরণ করা হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, শীত, দাপট, বিপাকে, শ্রমজীবিরা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ