২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

দোয়ারায় ঝুকিপূর্ণ শরীফপুর ব্রিজ, সংস্কারের অভাবে দুর্ঘটনার আশঙ্কা

প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ন


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদর থেকে সীমান্তবর্তী চারটি ইউনিয়নের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা শরীফপুর ব্রিজ। প্রতিদিন লাখো মানুষের যাতায়াত ও হাজারো যানবাহন চলাচল থাকলেও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রিজটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

 

এ অবস্থায়, উপজেলা প্রশাসনের খামখেয়ালি ও অবহেলার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, শ্রীফপুর ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। গুরুত্বপূর্ণ ওই ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী অবস্থায় রয়েছে।

 

এদিকে মানুষের জানমাল রক্ষা করার জন্য নতুন করে ব্রিজ নির্মাণ ও আপাতত সংস্কারের পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

 

বুধবার (১৭ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির একাধিক স্থানে রেলিং সম্পূর্ণ ভেঙে পড়েছে। সম্প্রতি নতুন করে আরও কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে পাটাতনের ভাঙন আগের মতোই রয়ে গেছে। এসব ভাঙা অংশ দিয়ে চলাচলের সময় পা ঢুকে গেলে গুরুতর আহত হওয়া বা প্রাণহানির আশঙ্কা রয়েছে।

 

স্থানীয় মাসুদ রানা জানান, ব্রিজের এই দুদর্শা নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। কিন্তু উপজেলা প্রশাসনের কোনো উদ্যোগ দেখা যায়নি। এমনকি মেরামতেরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি জানান তিনি।

 

তিনি বলেন, সীমান্তসংলগ্ন গুরুত্বপূর্ণ একটি সংযোগ পথ হওয়ায় এর গুরুত্ব অত্যন্ত বেশি। অথচ ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিদিন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। ইতোমধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি।

 

স্থানীয় আব্দুল হামিদ জানান, ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি এখন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এরপরও প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচল করছে, যে কোন সময় ভেঙে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনাও ঘটে যেতে পারে। তিনি বলেন, উপজেলা প্রশাসনের নাকের ডগায় এমন ঝুঁকিপূর্ণ ব্রিজ থাকা সত্ত্বেও কোন উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরণের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে।

 

জাতীয় মানবাধিকার সোসাইটির সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সভাপতি আব্দুল আউয়াল বলেছেন, দ্রুত ব্রিজটি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কার ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার। তিনি মনে করেন, এখনই ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যার দায় এড়ানোর সুযোগ থাকবে না।

 

এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, ‘ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে সংষ্কারের জন্য এডিপির বরাদ্দ হয়েছে।’ তবে এখনও কোনো টেন্ডার হয়নি বলে জানান ইউএনও। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শরীফপুর ব্রিজ দোয়ারাবাজার, সুনামগঞ্জ ঝুঁকিপূর্ণ ব্রিজ, দোয়ারাবাজার যোগাযোগ সংকট, সীমান্ত সড়ক সুনামগঞ্জ, ব্রিজ সংস্কার দাবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ