৩০ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

জগন্নাথপুরে বাঁশের সাঁকোতে ঝুঁকিপূর্ণ চলাচল

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৯ আগস্ট, ২০২৫ ১:১০ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার গোদামপাড়ায় নতুন সেতুর নির্মাণকাজ চলায় বিকল্প হিসেবে বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছিলো উপজেলা পরিষদ। কিন্তু টানা বৃষ্টিতে এই বাঁশের সাঁকোর অবস্থা নড়বড়ে হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।

 

প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ সাঁকো দিয়ে চলতে গিয়ে প্রতিদিনই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। একবার এক শিশু পানি পড়ে গেলেও উপস্থিত মানুষের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।


সরেজমিনে দেখা যায়, সাঁকোর বাঁশগুলো বৃষ্টিতে নরম হয়ে নড়বড়ে অবস্থায় আছে। এ পথে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। স্থানীয়রা জানান, সাঁকো পারাপারের সময় আতঙ্কে থাকতে হয়; বিশেষ করে শিশুদের চলাচল অত্যন্ত বিপজ্জনক।


স্থানীয় রমিজ আলী বলেন, “এক শিশু সাঁকো থেকে পড়ে যাওয়ার পর থেকে সবাই আতঙ্কিত। সন্তানদের স্কুলে পাঠিয়ে সারাদিন দুশ্চিন্তায় থাকি।”


রুস্তম আলী (৬০) বলেন, ‘‘জরুরি প্রয়োজন ছাড়া আর বাইরে যাই না। সাঁকোর কথা মনে পড়লেই ভয় লাগে।’’


জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, ‘‘বিষয়টি দুঃখজনক। দ্রুত পরিদর্শন শেষে ব্যবস্থা নেওয়া হবে।’’ 


উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর প্রকৌশলী সোহরাব হোসেন জানান, ‘‘বৃষ্টিতে বাঁশ নরম হয়ে গেছে। দ্রুত নতুন বাঁশ দিয়ে সাঁকো মেরামত করা হবে।’’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, জগন্নাথপুর, পৌরসভা, বাঁশের সাঁকো, ঝুঁকি, নাগরিক দুর্ভোগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ