১০ জুন ২০২৬

অপরাধ-বিচার / মামলা

জকিগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে যুবদল নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি, জকিগঞ্জ, সিলেট

প্রকাশঃ ৩১ জুলাই, ২০২৫ ৫:২৫ অপরাহ্ন


সিলেটের জকিগঞ্জে যুবদল নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুস শুক্কুরের ছেলে জাহাঙ্গির আলম রিপন ও তাঁর ছোট ভাই ইমন আহমদ।

মামলার বাদী কানাইঘাট উপজেলার দনাবালিছড়া গ্রামের বাসিন্দা মুহিন উদ্দিন। মামলার এজহারে তিনি জানান, মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী বাবুল আহমদের কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়ে তাঁর দোকানের সামনে বসে ছিলেন তিনি। কিছু সময় পর বাবুল আরও টাকা আনার জন্য দোকান থেকে বের হয়ে গেলে ওই সময় জাহাঙ্গির আলম রিপন এসে তাঁর কাছ থেকে জোরপূর্বক ৪০ হাজার টাকা নিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়। পরে চিৎকার করলে রিপনের ভাই ইমন আহমদ এসে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান বলেন, 'যুবদলনামধারী এই ধরনের লোকেরা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। প্রশাসনের উচিত এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া।'

অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গির আলম রিপন বলেন, তিনি জুলাই মাসে জকিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। তাঁর দাবি, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি বলেন, 'জুলাইয়ের আন্দোলনের পর আমি আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে মামলা করেছিলাম। এখন তারা প্রতিশোধ নিতে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। মামলার বাদীও আওয়ামী লীগের লোক।'

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ঘটনার পর থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জকিগঞ্জ, সিলেট, মামলা, যুবদল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ