১৫ জুন ২০২৬

সংগ্রাম-স্বাধীনতা / জুলাই গণঅভ্যুত্থান

ফিরে দেখা জুলাই অভ্যুত্থান

৮ জুলাই: বাংলা ব্লকেডের দ্বিতীয় দিনেও সিলেট-সুনামগঞ্জ অবরোধ

বিশেষ প্রতিবেদক

প্রকাশঃ ৮ জুলাই, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ন


৮ জুলাই, ২০২৪। সারাদেশে বাংলা ব্লকেড কর্মসূচির দ্বিতীয় দিনে আন্দোলনে মাঠে ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা। 


আগের দিনের মতো এদিনও বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে কয়েকশ’ শিক্ষার্থী। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। 


এ সময় তারা স্লোগান দেন ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘আপোষ না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ? রাজপথ রাজপথ’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা হত্যার অপর নাম কোটা প্রথার জয়গান’, মুক্তিযুদ্ধের চেতনা কোটা প্রথা মানেনা’, ‘চলছে দাবি চলবে কোটার শিকড় জ্বলবে’ ইত্যাদি। 


এদিন সারাদেশে কোটা আন্দোলনকে আরো বেগবান করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬৫ সদস্যের কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি গঠন করা হয়। বাংলা ব্লকেড কর্মসূচির দ্বিতীয় দিনে দেশব্যাপী প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এছাড়াও বিভিন্ন সড়ক মহাসড়কে অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

২০২৪ সালের ৫ জুন হাইকোর্ট একটি রায়ে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের নির্দেশ দেয়া হয়। তার পরদিন থেকেই দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামে।


রায়ের বিপরীতে রাষ্ট্রপক্ষ আপীল করলে সাধারণ শিক্ষার্থীরা সরকারকে ঈদের আগে কোটা বাতিলের দাবি জানায়। কিন্তু ঈদের পরেও আদালতে এ ব্যাপারে কোন অগ্রগতি না হওয়ায় জুলাইয়ের প্রথমদিন থেকেই দেশব্যাপী শুরু হয় নানা কর্মসূচি। 


শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

সিলেট, জুলাই অভ্যুত্থান, ফিরে দেখা, শাবিপ্রবি, ৮ জুলাই ২০২৪

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ