১৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন

সিলেটে হারানো ৭০ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল এসএমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ মার্চ, ২০২৬ ২:৫৩ অপরাহ্ন


সিলেট নগরীতে হারিয়ে যাওয়া ৭০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তথ্যপ্রযুক্তির সহায়তায় এসএমপির ডিবি–সাইবার ক্রাইম ইউনিট গত ২০ দিনে এসব মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

পুলিশ জানায়, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিদের করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি–সাইবার ক্রাইম ইউনিট এসব মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করে।

এসএমপি সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনার গত বছরের ২২ ফেব্রুয়ারি মোবাইল ফোন উদ্ধারের জন্য একটি বিশেষ টিম গঠন করেন। এই টিম প্রতি মাসে সম্ভাব্য ১০০টি মোবাইল ফোন উদ্ধারের পরিকল্পনা নিয়ে কাজ করছে। তাঁর তত্ত্বাবধানে ও টিমের সদস্যদের প্রচেষ্টায় সিলেট মহানগরের ছয়টি থানায় দায়ের করা মোট ৩৯৬টি জিডি পর্যালোচনা করে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার উপস্থিত থেকে উদ্ধার করা ৭০টি মোবাইল ফোনের মধ্যে ৫০টি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। বাকি ২০টি মোবাইল ফোনের মালিকেরা ইতিমধ্যে ডিবি–সাইবার ক্রাইম ইউনিট থেকে নিজেদের উদ্যোগে ফোনগুলো সংগ্রহ করেছেন।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তারা সিলেট মেট্রোপলিটন পুলিশসহ বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মোবাইল ফোন উদ্ধারের এ কার্যক্রম আরও জোরদার করা হবে। মহানগরের বিভিন্ন থানায় দায়ের করা জিডির ভিত্তিতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন দ্রুত প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি নগরবাসীকে সচেতনভাবে মোবাইল ফোন ব্যবহার ও সংরক্ষণের পরামর্শ দেন।

তিনি আরও বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাইবার অপরাধ দমনে সব সময় সতর্ক রয়েছে। জনগণের সেবায় পুলিশ সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, পুলিশ, মোবাইল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ