১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

মানুষ যেভাবে নির্বাচন চায়, সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে: এসএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৪১ অপরাহ্ন


আসন্ন ভোট গ্রহণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, মানুষ যেভাবে একটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চায়, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নগরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসএমপি কমিশনার জানান, গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে। গত কয়েক দিন ধরে নির্বাচন ব্যবস্থাপনা–সংক্রান্ত মহড়া ও সমন্বয় কার্যক্রম চলছে। তাঁর দাবি, প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা হয়নি।

এসএমপির আওতায় মোট ২৯৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেট-১ আসনে ২১৫টি এবং বাকিগুলো সিলেট-৩ আসনের অংশ। প্রতিটি কেন্দ্রে ১২ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে চারজন এবং সাধারণ কেন্দ্রগুলোতে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

এ ছাড়া ৬৬টি মোবাইল টিম, ১২টি স্ট্রাইকিং টিম ও দুটি স্ট্যান্ডবাই টিম নির্বাচনের দিন দায়িত্ব পালন করবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি থাকবে বলে জানান তিনি।

প্রযুক্তিনির্ভর নজরদারির কথাও উল্লেখ করেন এসএমপি কমিশনার। তিনি বলেন, প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে ‘জিনিয়া’ অ্যাপ রয়েছে। কোনো সমস্যা দেখা দিলে অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে তথ্য পৌঁছাবে এবং নিকটবর্তী মোবাইল টিম সক্রিয় হয়ে ঘটনাস্থলে যাবে। পাশাপাশি ছয়টি থানায় ১০টি ড্রোন সার্বক্ষণিকভাবে নজরদারিতে থাকবে।

ভোটকে ঘিরে কোনো আশঙ্কা দেখছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো ধরনের আশঙ্কা নেই।” তাঁর ভাষ্য, দীর্ঘ সময় পর ভোটকে ঘিরে মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সেই পরিবেশ বজায় রাখতে কাজ করছে।

সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, গুজব বা অপপ্রচার যেন কোনোভাবেই প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকা হয়েছে। সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, জাতীয় সংসদ নির্বাচন, এসএমপি, পুলিশ কমিশনার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ