১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

জামায়াত প্রার্থী হাবিবের মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির আবেদন

নিজস্ব প্রতিবেদন

প্রকাশঃ ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৩৫ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগ দায়ের করেছে সিলেট মহানগর বিএনপি। এতে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দলটি।   

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলমের কাছে অভিযোগটি দায়ের করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

অভিযোগ অনুযায়ী, প্রার্থী তার হলফনামায় ঘোষণা করেছেন যে তিনি কোনো কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডার নন এবং কোনো ঋণ বা দায়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (RJSC)-এর নথি অনুযায়ী তিনি ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড” এর পরিচালক এবং আল কারামাহ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের শেয়ারহোল্ডার যার ফলে তার হলফনামায় দেওয়া তথ্য সত্য নয় এবং বিভ্রান্তিকর।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড ২৪ কোটি এক লক্ষ ২৭,৪৪৮ টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে, যা বর্তমানে বকেয়া রয়েছে। বিএনপি নেতাদের দাবি, প্রার্থী এই গুরুত্বপূর্ণ তথ্য স্বেচ্ছায় গোপন করেছেন, যা নির্বাচনী আইন লঙ্ঘনের শামিল।

রেজাউল হাসান কয়েস লোদী বলেন, হলফনামায় মিথ্যা তথ্য প্রদান দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮১ ও ১৯৩ ধারার অধীনে অপরাধ, এবং এটি ভোটার ও নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করার উদ্দেশ্য বহন করে। তিনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র বাতিল এবং প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, বিএনপি, জামায়াতে ইসলামী, নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ