১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

মৌলভীবাজার–৩ আসনে জোটে ফাটল, জামায়াতের প্রার্থীকে সমর্থন এনসিপির

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০১ অপরাহ্ন


মৌলভীবাজার–৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ভেতরে স্পষ্ট বিভাজন দেখা দিয়েছে। জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থীকে পাশ কাটিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নানকে সমর্থনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটি।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির জেলা নেতারা আনুষ্ঠানিকভাবে এই অবস্থান জানান।

সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা বলেন, দেশের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা ও মাঠপর্যায়ের জনমত বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তাঁদের দাবি, নির্বাচনী এলাকায় জামায়াত প্রার্থী আব্দুল মান্নানের গ্রহণযোগ্যতা তুলনামূলক বেশি এবং সাংগঠনিক অবস্থানও শক্তিশালী। জোটের বিজয় নিশ্চিত করতেই তারা এই প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে জানান এনসিপির নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মৌলভীবাজার জেলা আহ্বায়ক খালেদ হাসান, সদস্যসচিব রুহুল আমীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া। এ সময় জামায়াতে ইসলামীর পৌর সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরীও উপস্থিত ছিলেন।

এদিকে মৌলভীবাজার–৩ আসনে ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে রয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আহমদ বিলাল। তবে জোটের প্রধান শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নান মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর বাধার মুখে তা প্রত্যাহার করতে পারেননি বলে জানা যায়। পরে তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে থাকার ঘোষণা দেন। এতে জোটের ভেতরে অসন্তোষ ও বিভক্তি প্রকাশ্যে আসে।

জোট মনোনীত প্রার্থী আহমদ বিলাল বলেন, মৌলভীবাজার–৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সিদ্ধান্ত অনুযায়ী তিনিই দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী। জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার না করা এবং প্রচারণা চালানো স্পষ্টভাবে শৃঙ্খলাভঙ্গের শামিল।

তিনি আরও বলেন, শুরুতে দাবি করা হয়েছিল বাধার কারণে মনোনয়ন প্রত্যাহার সম্ভব হয়নি। কিন্তু পরে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রকাশ্য প্রচারণা চালানো হচ্ছে। এটি জোটের সিদ্ধান্তের প্রতি কী ধরনের মনোভাব প্রকাশ করে—সেই প্রশ্নও তোলেন তিনি।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, জাতীয় সংসদ নির্বাচন, জামায়াত ইসলামী, এনসিপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ