১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

ভোটের সমীকরণ: মৌলভীবাজার-১

নাসির-আমিনুলের লড়াইয়ের ফলাফল চা শ্রমিকদের হাতে

বিশেষ প্রতিবেদক

প্রকাশঃ ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১১ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিনে-রাতে সমানতালে চলছে শেষ সময়ের প্রচারণা। 

 

আসনটিতে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল আলোচনায় রয়েছেন বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ (ধানের শীষ) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আমিনুল ইসলাম (দাঁড়িপাল্লা)। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনসহ অন্যরা। 

 

ভোটাররা বলছেন, আলোচনায় থাকা বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদের বাড়ি জুড়ি উপজেলায়। অন্যদিকে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলামের বাড়ি বড়লেখা উপজেলায়। এ দুই উপজেলার মধ্যে বড়লেখায় ভোটার ২ লাখ ৯ হাজার ৫৯১ জন এবং জুড়ি উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ২১ হাজার ৬৬৩ জন। অর্থাৎ জুড়ির চেয়ে বড়লেখায় প্রায় এক লাখ ভোটার বেশি। আঞ্চলিকতা ও ভোটার বেশি হওয়ায় বিএনপির প্রার্থীর চেয়ে জামায়াতের প্রার্থী অনেকটা এগিয়ে। 

 

তাছাড়াও আমিনুল ইসলামের বাবা তিন বারের চেয়ারম্যান। বাবার সেই অবস্থানও অনেকটা এগিয়েছে আমিনুলকে। 

 

তবে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদও একেবারে পিছিয়ে নেই। আঞ্চলিকতা টান ও দলীয় গ্রুপিংয়ের কারণে কিছুটা পেছনে থাকলেও চা শ্রমিকদের বড় অংশ তার পক্ষেই রয়েছে বলে জানা গেছে। যদি চা শ্রমিকদের ভোট নাসিরের বাক্সে যায় জামায়াতের প্রার্থী ধরাশয়ী হবেন তার কাছে। 

 

এ আসনে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের মো. আব্দুন নুর (ট্রাক) গণফ্রন্টের মো. শরিফুল ইসলাম (মাছ) ও স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ (কাপ-পিরিচ)।

 

জেলার বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। এ আসনে রয়েছে বড়লেখা পৌরসভা ও ১০টি ইউনিয়ন এবং জুড়ী উপজেলার ৬টি ইউনিয়ন। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ২৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ১৮০ জন, মহিলা ভোটার ১ লাখ ৬৪ হাজার ৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে দুই উপজেলায় ১১৩টি স্থায়ী ভোটকেন্দ্রে ৬৩২টি ভোটকক্ষে (৬১০টি স্থায়ী ও ২২টি অস্থায়ী) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

নির্বাচন, মৌলভীবাজার-১ আসন, জাতীয় নির্বাচন, ভোটের সমীকরণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ