১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

হেলিকপ্টারে সিলেটে আসবেন আমির, লক্ষাধিক জনসমাগমের আশা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ন


আগামী ৭ ফেব্রুয়ারি (শনিবার) সিলেট আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন।

শনিবার দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ জনসভা। আয়োজকদের আশা, এতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নেতারা। মহানগরের ধোপাদিঘিরপাড়ে সিলেট-১ আসনের জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. নূরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে মূল বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। পরে বক্তব্য দেন সিলেট-১ আসনের জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। এ সময় জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শনিবার সকালে হেলিকপ্টারযোগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সকাল ১০টায় হবিগঞ্জে পৌঁছাবেন। সেখানে একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পর সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়ায় আরেকটি জনসভায় যোগ দেবেন। পরে দুপুর ২টার দিকে তিনি হেলিকপ্টারযোগে সিলেটে এসে পৌঁছাবেন।

সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সিলেটের নির্বাচনী জনসভা সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হচ্ছে। তিনি জানান, জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দ বৈঠক করেছেন।

তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

হেলিকপ্টার, সিলেট, জামায়াত আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ