১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

ধানের শীষের বিজয়ের মাধ্যমেই গণতন্ত্র ও রাষ্ট্র পুনর্গঠন সম্ভব: কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩১ জানুয়ারী, ২০২৬ ১:০৫ অপরাহ্ন


সিলেট জেলার বিএনপি’র সকল সংসদীয় আসনের সমন্বয়ক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরবচ্ছিন্নভাবে দেশের স্বার্থে কাজ করে আসছে এবং প্রতিটি জাতীয় সংকটে সম্মুখ সারিতে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের প্রতিটি খাত ধ্বংস করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন দেশের গণতন্ত্র, অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী এম এ মালেকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নত, সুখী-সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সর্বস্তরের ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ভোটের কাজ জোরদার করার আহ্বান জানান।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন করে এগিয়ে নিতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপি জনগণের দল-এই দলই দেশের চলমান সংকট থেকে মুক্তির বাস্তব ও কার্যকর পথ দেখাতে সক্ষম।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক বিপ্লব ঘটিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করাই এখন সময়ের সবচেয়ে বড় দায়িত্ব।

ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ। যেখানে কৃষকদের জন্য থাকবে কৃষি কার্ড, বিবাহিত নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং যোগ্যতার ভিত্তিতে বেকারত্ব সমস্যার টেকসই সমাধান নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে একটি গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য। সেই লক্ষ্যেই বিএনপি জনগণের দোরগোড়ায় যাচ্ছে এবং গণসংযোগের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাত ছিল মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে জীবনযাপন করেছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা ও সমর্থনই বিএনপির সবচেয়ে বড় শক্তি। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম বিলালের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি নামর আলী, সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা বিএনপির উপদেষ্টা নুরুল আমিন দুলু, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, জেলা যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম মঞ্জু, বিএনপি নেতা আব্দুল মজিদ, রাহাদুজামান রাকা, জেলা যুবদলের এনামুল করিম এনাম, জামাল আহমেদ জুমন, সুমন আহমেদ আনছার, ফখরুল ইসলাম, শাহীন আহমেদ, আলী হুসেন, আলী আহমদ, ইউনিয়ন যুবদলের আশরাফ আহমদ, সুমিম আহমদ, মিজান আহমদ, ইউনিয়ন ছাত্রদলের রায়হান আহমদ মাহফুজ।

এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, বিএনপি, সভাপতি, আব্দুল কাইয়ুম চৌধুরী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ