১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সব ধর্মাবলম্বী মানুষকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: হাজী মুজিব

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৩১ জানুয়ারী, ২০২৬ ১২:২২ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মাবলম্বী মানুষকে নিয়ে আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।

তিনি বলেন, এ দেশে কোনো সংখ্যালঘুর ওপর নিপীড়ন থাকবে না। কোনো মেহনতি মানুষের ওপর জুলুম চলবে না এবং ব্যবসা বা ঘর নির্মাণের জন্য কাউকে চাঁদা দিতে হবে না।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় এবং উন্নয়ন প্রত্যাশা করে। আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনকে একটি উন্নত ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।

পর্যটন উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পর্যটন খাতে যেসব উন্নয়ন প্রয়োজন ছিল, তা বিগত সরকার করতে পারেনি। আমরা কার্যকর উদ্যোগ নেব। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। চা-বাগানের শ্রমিক, খাসিয়া জনগোষ্ঠীসহ সকল নৃ-গোষ্ঠীর কল্যাণে কাজ করবো।

গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর পর থেকে প্রতিদিনই তিনি নগর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা, আলোচনা সভা ও সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত মাইকিং, পোস্টার-ফেস্টুন টানানো ও লিফলেট বিতরণের মাধ্যমে ধানের শীষের প্রার্থী ও তাঁর নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তাঁরা।

প্রতিদিনই বিভিন্ন দলের প্রার্থীদের গণসংযোগ, মতবিনিময় সভা ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হচ্ছে। ফলে নির্বাচনের আমেজে দুই উপজেলা এখন বেশ সরগরম। গ্রামাঞ্চলেও প্রচারণার চিত্র একই রকম। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং নিজেদের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন। তরুণ ভোটারদের সম্পৃক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চালানো হচ্ছে সক্রিয় প্রচারণা। একই সঙ্গে সরাসরি মাঠে উপস্থিত থেকে ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন প্রার্থীরা।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সংসদ নির্বাচন, মৌলভীবাজার,বিএনপি, হাজী মুজিব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ