১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সব বলয় একাট্টা

আবির হাসান মানিক, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন


সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীকে জয়ী করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন দলটির সব বলয়ের নেতাকর্মীরা। রাজনীতির ময়দানে এমন দৃশ্যপটে বিএনপির তৃণমূলে বিরাজ করছে উচ্ছ্বাস-উদ্দীপনা।

 

আসনটিতে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী কামরুজ্জামান কামরুল। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আসনটি জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর এ চারটি উপজেলা নিয়ে গঠিত।

 

বুধবার (২৮ জানুয়ারি) এই আসনের তাহিরপুর উপজেলার শ্রীপুর ও বড়দল উত্তর ইউনিয়নের অন্তত ১৩টি স্থানে নির্বাচনী পথসভা করেছেন কামরুল। দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই নির্বাচনী প্রচারণা। এসব পথসভায় কামরুল তাঁর বক্তব্যে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন ও অবকাঠামো উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরেন।

 

এদিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বীরেন্দনগর এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও সেখানে করা একটি পথসভায় অংশ নেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক। এবং গতকাল যে ১৩টি স্পটে কামরুল তাঁর নির্বাচনী পথসভা করেছেন এর সবকটিতেই সব বলয়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। নির্বাচনী মাঠে সব বলয়ের এমন ঐক্যবদ্ধ প্রচারণা ও নেতাকর্মীদের সরব উপস্থিতিতে বিএনপিতে বইছে ঐক্যের সুবাতাস।

 

এর আগে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর পরই কামরুল ছুটে যান আনিসুল হকের বাড়িতে। সেখানে সমাবেশে আনিসুল হক ঘোষণা দেন, যেহেতু দলের চেয়ারম্যান কামরুলকে ধানের শীষ দিয়েছেন, তিনি সবাইকে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন।

 

সাধারণ নেতাকর্মীরা বলছেন, ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার মাঠে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক (সিলেট বিভাগ) মাহবুবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালিব খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক হামিদুল হক আফিন্দী লিটনের সরব উপস্থিতি তৃণমূল বিএনপিতে ঐক্যের জোর ইঙ্গিত বহন করছে। এখন মান-অভিমান ভুলে গিয়ে ধানের শীষের মনোনীত প্রার্থীকে জয়ী করতে নেতাকর্মীরা অটল।

 

সুনামগঞ্জ-১ আসনে উপরের উল্লেখিত এ চারজনই বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এরমধ্যে শুরুতে আনিসুল হক প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন। পরে চূড়ান্ত মনোনয়ন পান কামরুজ্জামান কামরুল। তাছাড়া আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল এ দুজনের বাড়িই তাহিরপুর উপজেলায়। গেল ১৭ বছর পতিত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে রাজপথে দুজনেইর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নিজ-নিজ বলয়ে কর্মী-সমর্থকদের কাছে তাঁরা সমানভাবে জনপ্রিয় ও সমাদৃত।

 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক হামিদুল হক আফিন্দী লিটন 'সিলেট ভয়েস'কে বলেন, আমি নিজেও মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তবে ব্যক্তিগতভাবে আমি আগেও বলেছি, এখনও বলছি তারেক রহমান অর্থাৎ দল যাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন ধানের শীষকে জয়ী করতে আমরা তাঁর পক্ষেই কাজ করব। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ-১ আসন, বিএনপি, জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ