১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জ-১: মনোনয়ন প্রত্যাহার না করলেও খুলছে জোটের জট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ জানুয়ারী, ২০২৬ ৮:২৪ অপরাহ্ন


মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনকে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতির পর সুনামগঞ্জ-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নিয়ে তৈরি হওয়া জট খুলেছে বলে দাবি করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও আসনটির প্রার্থী তোফায়েল আহমেদ। বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে আসনটি ১০ দলীয় জোটের পক্ষে উন্মুক্ত রাখা হয়েছে।

 

তোফায়েল আহমেদ জানান, এর আগে ১০ দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী হিসেবে মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদারের নাম ঘোষণা করা হয়। এই ঘোষণাকে কেন্দ্র করে জোটের ভেতরে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি হয়।

 

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, বিকেল ৫টা পর্যন্ত তার অনুসারীরা তাকে অবরুদ্ধ করে রাখেন, যার কারণে তিনি মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি। পরে বিষয়টি ঘিরে জোটের ভেতরে নতুন করে আলোচনা শুরু হয়।

 

সংবাদ সম্মেলনে তোফায়েল আহমেদ বলেন, জোটের ঐক্য ও নির্বাচনী এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়েই আসনটি উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার ফোনে বলেন, জোট ও তার প্রার্থিতা নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রকাশ করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম অর্থ ও ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে সংবাদ প্রচার করছে।

 

মাওলানা মুজ্জাম্মিল হক বলেন, সাংবাদিকদের দায়িত্ব সত্য তুলে ধরা হলেও অনেক ক্ষেত্রে যাচাই ছাড়া খবর প্রকাশ করা হচ্ছে। তিনি আরও বলেন, জোট বা দলের বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট দলের দায়িত্বশীল ব্যক্তি কিংবা জোটের মুখপাত্রদের সঙ্গে কথা বললে বিভ্রান্তি কমবে।

 

এদিকে সুনামগঞ্জ-১ আসনে জোটের প্রার্থী নিয়ে চলমান এই নাটকীয়তা ভোটারদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত জোটের চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচনী সমীকরণে কী প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর স্থানীয়দের।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ-১ , ১০ দলীয় জোট, জাতীয় সংসদ নির্বাচন, মনোনয়ন প্রত্যাহার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ