১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

কানাইঘাটকে আমি ২০ বছরের তরুণীর মতো সাজিয়ে দিব: উবায়দুল্লাহ ফারুক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ জানুয়ারী, ২০২৬ ৮:২৪ অপরাহ্ন

ছবিঃ মাওলানা উবায়দুল্লাহ ফারুক

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপি জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক ব্যতিক্রমধর্মী উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। কানাইঘাটের সড়কের বাজারে খেজুর গাছ প্রতীকের সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি নির্বাচিত হলে এলাকার চেহারা বদলে দেওয়ার ঘোষণা দেন।

জনসভায় বক্তব্যের এক পর্যায়ে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ‘আমি ইনশাআল্লাহ কানাইঘাট আর জকিগঞ্জকে বিশ বছরের তরুণীর মতো সাজিয়ে দেব। সুন্দর অবকাঠামোর মাধ্যমে দুইটি উপজেলাকে আপনাদের হাতে উপহার দিতে চাই।’ তার এই উপমামূলক বক্তব্য মুহূর্তেই উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দেয়।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদকে আধুনিক ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করাই তার মূল লক্ষ্য। এজন্য সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তার অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে জানান তিনি।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, পরিকল্পিত নগরায়ন ও পরিবেশবান্ধব উন্নয়নের মাধ্যমে কানাইঘাট-জকিগঞ্জকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন জনপদে পরিণত করা হবে। জনগণের সঙ্গে নিয়ে, জনগণের স্বার্থেই উন্নয়ন এই নীতিতে তিনি কাজ করতে চান বলেও আশ্বাস দেন।

সড়কের বাজারে অনুষ্ঠিত এই জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের মতে, উন্নয়ন নিয়ে এমন ভিন্নধর্মী ভাষা ও উপস্থাপন তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। অনেকেই মনে করছেন, নির্বাচনী প্রচারণায় এই বক্তব্য আলাদা মাত্রা যোগ করেছে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, উবায়দুল্লাহ ফারুক, কানাইঘাট-জকিগঞ্জ, সিলেট-৫

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ