১৮ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

মামলা ও পুলিশি হয়রানি বন্ধের আশ্বাস জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ জানুয়ারী, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ন


সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, নির্বাচিত হলে এই দুই উপজেলায় মামলা ও পুলিশি হয়রানির নামে নিরীহ মানুষকে হয়রানি করতে দেওয়া হবে না। কারও বাড়িতে যাওয়ার আগে পুলিশের কাছে যথাযথ অভিযোগ ও প্রমাণ থাকতে হবে।

 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিজ আসনে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

 

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘মামলার নামে সম্মানিত মানুষকে হয়রানি করা হচ্ছে। সিলেটের মানুষের আত্মসম্মানবোধ আছে। যদি আমি নির্বাচিত হই, তাহলে যথেষ্ট প্রমাণ ছাড়া কেউ কারও বাড়িতে যেতে পারবে না।’

 

তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা উল্লেখ করে বলেন, ‘ব্যাংক থেকে টাকা তুলে নিরাপদে বাড়ি ফিরতে চাইলে, ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে করতে চাইলে দাড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে। মাছের বাজার করে বাড়ি ফিরতেও যেন ভয় না থাকে সে নিরাপত্তা আমরা নিশ্চিত করব।’

 

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত প্রার্থী বলেন, ‘কেউ দোকান বা বাড়ি বানালে চাঁদা দিতে হবে—এই রাজনীতি আমরা চাই না। কোনো ব্যবসায়ী বা সাধারণ মানুষের গায়ে হাত তুললে সেটাকে আমার ওপর হাত তোলার শামিল হিসেবে দেখব এবং জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।’

 

সরকারি দপ্তরের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘুষ ছাড়া সেবা নিশ্চিত করা হবে। ঘুষ ছাড়া ট্রান্সফার ও অনুমোদন দিতে হবে। দুর্নীতির রাজত্ব ভেঙে চুরমার করা হবে।’

 

উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে একটি পরিকল্পিত ও নান্দনিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে। সড়ক, সেতু ও গ্যাস–সংকট নিরসনের প্রতিশ্রুতিও দেন তিনি।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

মামলা, পুলিশি হয়রানি, জামায়াত প্রার্থী, সেলিম উদ্দিন, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ