১৮ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

জামায়াত সরকারে গেলে ছাত্রীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হবে : হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২৬ ৫:১৬ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ইবনে সিনা মেডিকেল কলেজকে সিলেটের ছাত্রীদের জন্য একমাত্র বেসরকারি মেডিকেল কলেজ উল্লেখ করে বলেন, জামায়াত সরকার গঠন করলে দেশে শুধুমাত্র ছাত্রীদের জন্য একটি পৃথক মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সিলেটের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘একটি দেশ, জাতি ও সমাজকে পরিবর্তন করতে হলে রাষ্ট্র পরিচালনার সৎ ও যোগ্য মানুষকে নির্বাচিত করা। জামায়াত এক ঝাঁক সৎ ও আদর্শবান মানুষ তৈরী করেছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে নির্বাচিত করুন আমরা ইনসাফভিত্তিক মানবিক সমাজ উপহার দিবো।’

তিনি বলেন, ‘সিলেট নগরী ও সদর উপজেলার অবকাঠামোগত উন্নয়নে আমি অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে ৬টি কাজ করবো। এগুলো হলো- রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, গ্যাস, বিদ্যুৎ ও নদী ভাঙ্গন এলাকায় ভাঙ্গন রোধ। এছাড়া ঢাকা-সিলেট যোগাযোগের ক্ষেত্রে সড়ক-রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থার প্রসারে কার্যকর ভুমিকা পালন করবো। সিলেটের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে বাস্তবমূখী পদক্ষেপ নিবো।’

সিলেট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহমান কায়সারের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট হোল্ডিংস লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী, পরিচালক মেজর জেনারেল (অব.) ইফতেখার উদ্দিন ও এমডি অধ্যাপক ডা. ওয়াহিদ আহমদ চৌধুরী।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। এতে আরও বক্তব্য দেন ইবনে সিনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. তাহুর আব্দুল্লাহ চৌধুরী, এনডিএফ সিলেট শাখার সভাপতি অধ্যাপক ডা. গোলাম মওলা এবং চিকিৎসক ও শিক্ষকবৃন্দের মধ্যে ডা. শামসুল হক, ডা. শোয়েব আহমদ, ডা. রিফাত, ডা. রাসেল মিশু, ডা. মুজাহিদ ও ডা. রানা প্রমুখ।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

মাওলানা হাবিবুর রহমান, জাতীয় সংসদ নির্বাচন, ইবনে সিনা মেডিকেল কলেজ, সিলেট-১ আসন, দাঁড়িপাল্লা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ