১৮ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

জামায়াত ভিনদেশিদের প্রেসক্রিপশনে ক্ষমতায় যেতে চায়: মাহমুদুল হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২৬ ৪:৫১ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস


ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট-১ আসনে দলীয় মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেছেন, জামায়াতে ইসলামী ভিনদেশিদের প্রেসক্রিপশনে রাষ্ট্রক্ষমতায় যেতে চায়। এ কারণে ইসলামি আদর্শ ও চেতনা থেকে তারা সরে এসেছে বলে অভিযোগ করেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সিলেট মহানগরের পূর্ব জিন্দাবাজার এলাকার একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মাহমুদুল হাসান বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ইসলামি ও সমমনা দলগুলোর ভোট এক বাক্সে আনার লক্ষ্যে ইসলামী আন্দোলনের উদ্যোগে ১১ দলীয় একটি মোর্চা গঠন করা হয়। কিন্তু ওই মোর্চার একটি দল জামায়াতে ইসলামী ভিনদেশিদের পরামর্শে ইসলামি মনোভাব থেকে সরে যায়। বিষয়টি মেনে নিতে না পেরে ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমোনাই ওই জোট থেকে বেরিয়ে আসেন।

তিনি বলেন, রাষ্ট্রক্ষমতায় গেলে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য।

সিলেট-১ আসনে প্রার্থী হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এর আগেও তিনি সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ভোট সুষ্ঠু না হওয়ার আশঙ্কায় দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এবার দল তাকে সিলেট-১ আসনে মনোনয়ন দিয়েছে।

মাহমুদুল হাসান দাবি করেন, প্রচারণাকালে সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন।

তিনি বলেন, জনগণ যদি তাকে যোগ্য মনে করে নির্বাচিত করেন, তাহলে সিলেট-১ আসনকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত এবং সুখী-সমৃদ্ধ এলাকায় রূপান্তর করা হবে।

তিনি আরও বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে তিনি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করছেন। নির্বাচিত হলে চাঁদাবাজদের আগে তার সঙ্গেই ‘ফাইট’ করতে হবে। পাশাপাশি প্রবাসীরা দেশে এসে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে।

নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, বেকার তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং ব্যবসাবান্ধব সিলেট গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

জামায়াত, ইসলামী আন্দোলন, মাহমুদুল হাসান, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ