১৮ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

নির্বাচনের হাওয়া লাগতেই সিলেটে প্রবাসীদের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ জানুয়ারী, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন


দীর্ঘদিনের সীমাবদ্ধতার পর এবার প্রবাসীদের মধ্যে নির্বাচনী উদ্দীপনা চোখে পড়ার মতো। আওয়ামী লীগ আমলের নির্বাচনে অনেক প্রবাসী দেশে এসে ভোটে অংশ নেওয়ার সুযোগ পাননি। কারও বিরুদ্ধে হুলিয়া থাকায়, কেউ দেশে ফিরলেও গ্রেপ্তারের আশঙ্কায় নিরাপদে থাকা সম্ভব হয়নি। অনেকে ঝুঁকি নিয়েও ফিরে আসেন, কিন্তু হয়রানি ও ভয়ঙ্কর পরিস্থিতির কারণে আবার দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। সেই কষ্টকর সময় পেছনে ফেলে এবার জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ভোট উৎসবের চিত্র ফুটে উঠেছে। ইতিমধ্যেই হাজার হাজার প্রবাসী দেশে ফিরে নির্বাচনী কার্যক্রমে যুক্ত হয়েছেন, যা সিলেটের ভোট মাঠে নতুন প্রাণ সঞ্চার করেছে।

প্রবাসীরা বলছেন, নির্বাচন তাদের কাছে উৎসবের মতো। পরিবার নিয়ে দেশে এসে মতামত দেওয়ার সুযোগ পান। এই সময়ে সহযোগিতার পরিবেশ তৈরি করা জরুরি বলেও মনে করছেন তারা।

শুধু যুক্তরাজ্য নয়, ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা ও কানাডা থেকেও প্রবাসীরা সিলেটে আসছেন। সিলেটের চার জেলাতেই প্রবাসীদের উপস্থিতি বাড়ছে। কয়েকজন প্রবাসী প্রার্থী দ্বৈত নাগরিকত্বের জট কাটিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। এতে ভোটারদের মধ্যেও বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে

স্থানীয় রাজনৈতিক নেতারা জানান, জানুয়ারির প্রথমার্ধ থেকেই যুক্তরাজ্যপ্রবাসীদের সিলেটে আসা বাড়তে শুরু করেছে। লন্ডনের ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন বলেন, এবারের জাতীয় নির্বাচন সামনে রেখে কয়েক হাজার প্রবাসী সিলেটে আসছেন। শীত মৌসুমে নির্বাচন হওয়ায় যুক্তরাজ্যের প্রবাসীরা পরিবার নিয়ে দেশে ফিরছেন। সিলেটে সরাসরি ফ্লাইটে আসন পাওয়া যাচ্ছে না, ফলে অনেকেই ঢাকা হয়ে সিলেট আসছেন।

জামাল উদ্দিনের বাড়ি সিলেটের বিশ্বনাথে। সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে ব্যবসা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে তিনি আগেভাগেই দেশে এসেছেন। বর্তমানে আসা প্রবাসীদের রিসিভ করাসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সিলেটের ভোটে এবারও প্রবাসী প্রার্থীদের উপস্থিতি রয়েছে। যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিক ও সাবেক সাধারণ সম্পাদক এম কওছর আহমদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। বিএনপির চেয়ারম্যান দীর্ঘদিন যুক্তরাজ্যে নির্বাসিত ছিলেন। তাঁর সঙ্গে কয়েক শ প্রবাসী ইতোমধ্যে সিলেটে এসেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে হঠাৎ করে সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিতের ঘোষণা আসে। প্রথমে ১ ফেব্রুয়ারি থেকে স্থগিতের কথা জানানো হলেও পরে তা এক মাস পিছিয়ে ১ মার্চ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেয় বিমান কর্তৃপক্ষ। এতে যুক্তরাজ্যের নর্থ সাইডের অনেক প্রবাসী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে বেশি দাম দিয়েও অনেক সময় টিকিট না পাওয়ার অভিযোগ করছেন প্রবাসীরা।

ইউকে এরআরবি সোসাইটির ডিরেক্টর জুনেদ আহমদ বলেন, ‘গত তিনটি নির্বাচনে প্রবাসীদের বড় অংশ দেশে এসে অংশ নিতে পারেননি। এবার নির্বাচনী উৎসবে শরিক হতে দলে দলে প্রবাসীরা আসছেন। পরিবার নিয়েও আসছেন। এটি ইতিবাচক দিক। প্রবাসীরা শুধু ভোট দিতে নয়, বৈদেশিক মুদ্রা নিয়েও দেশে আসছেন, যা অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।’

তিনি আরও জানান, আগামী ১৫ জানুয়ারির পর যুক্তরাজ্য থেকে একটি বড় ডেলিগেশন টিম সিলেট আসবে। নির্বাচনকে কেন্দ্র করেই এই সফর।

এরই মধ্যে দেশে ফিরেছেন বিশ্বনাথ যুবদলের প্রতিষ্ঠাকালীন সদস্য সিরাজুল ইসলাম। তিনি বলেন, আগের নির্বাচনগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল না। ইলিয়াস আলীর আসনে তাঁর স্ত্রী ও সন্তানদের প্রার্থী হতে দেওয়া হয়নি। এবার সিলেট–২ আসনে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা প্রার্থী হয়েছেন। কয়েক শ লন্ডনপ্রবাসী এই নির্বাচনে অংশ নিতে এসেছেন।

আরেক লন্ডনপ্রবাসী মিজানুর রহমান বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে দেশে এসে ভোট উৎসবে শরিক হওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না। তখন শ’ শ’ প্রবাসী পুলিশের ভয়ে বাড়িতে থাকতে পারেননি। প্রাণভয়ে অনেকেই দেশ ছাড়েন। এবার পরিস্থিতি ভিন্ন।’


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, জাতীয় সংসদ নির্বাচন, প্রবাসী, ভোট, যুক্তরাজ্য, কানাডা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ