২৩ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

টিকিট কিংবা কার্ড নয়, আমি জনগনের প্রতিনিধি হবো: জাহিদুর রহমান

প্রতিনিধি, বিয়ানীবাজার, সিলেট

প্রকাশঃ ২৩ জানুয়ারী, ২০২৬ ৪:২২ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের ট্রাক প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য এডভোকেট জাহিদুর রহমান বলেছেন, আমি কাউকে জান্নাতের টিকিট দিতে পারবো না, আবার কোন কার্ডও দিতে পারবো না। আমি এমন কোন প্রতিশ্রুতি কখনোই দিবো না, যেটা বাস্তবায়ন করা কখনো সম্ভব নয়। আমি যা করতে পারবো সেটি হচ্ছে, আমি জনগনের প্রকৃত প্রতিনিধি হবো।

 

 তিনি বলেন, ‘আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের কেউ কেউ তাদের প্রতীকে ভোট দেয়ার বিনিময়ে জান্নাতের টিকিট, আবার কেউ কেউ তাদের প্রতীকে ভোট দিলে বিভিন্ন ধরনের কার্ড দিবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি বলতে চাই, আমি কাউকে জান্নাতের টিকিট দিতে পারবো না, আবার কোন কার্ডও দিতে পারবো না। আমি এমন কোন প্রতিশ্রুতি কখনোই দিবো না, যেটা বাস্তবায়ন করা কখনো সম্ভব নয়। আমি যা করতে পারবো সেটি হচ্ছে, আমি জনগনের প্রকৃত প্রতিনিধি হবো। সরকার থেকে প্রাপ্ত সকল বরাদ্ধের সমবন্টন, অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্ধ বিতরণ এবং মানুষের প্রতিনিধি হিসাবে সংসদে কথা বলে তাদের কাঙ্খিত প্রত্যাশার বাস্তবায়ন ঘটাবো ইনশাআল্লাহ।’

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে গণসংযোগ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এডভোকেট জাহিদুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের সংসদ সদস্য প্রার্থী।

 

এডভোকেট জাহিদুর রহমান বলেন, ‘আমি জনগণের সেবক হতে চাই, নেতা হতে চাই না। আমি কাজের মানুষ। আপনাদের সাথে থেকে একসঙ্গে কাজ করতে চাই। আমি আপনাদের সহযোগিতা করবো এবং আপনারা আমাকে সহযোগিতা করবেন। তার জন্য কোন অস্ত্র ও বাহিনী প্রয়োজন নাই। আমরা-আপনারা সবাই মিলে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশালী বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলা গঠন করতে চাই। সকলকে ঐক্যবদ্ধভাবে একচিন্তা এবং একচেতনা নিয়ে এগিয়ে যেতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলের নেতারা বড় বড় কথা বলেন, তবে ক্ষমতায় গেলে সব প্রতিশ্রুতি ভুলে জনগণের অর্থ মেরে খান, বিদেশে পাচার করেন। অনেকে ভুয়া প্রতিশ্রুতি দেখিয়ে ভোট আদায় করেন। আমি সেটির পক্ষে নই। আমার শ্লোগান হচ্ছে, প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই হোক পরিবর্তন। এসময় তিনি আগামী নির্বাচনে বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীকে সঠিক ও চরিত্রবান প্রার্থী বেছে নেয়ার আহ্বান জানান।’

 

বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর কাঙ্খিত উন্নয়নের চাহিদা পূরণের আশ্বাস দিয়ে জাহিদুর রহমান বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত সংসদ সদস্য করেন তাহলে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা এবং কর্মক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও নাগরিকদের পরামর্শকে প্রাধান্য দেয়ার রীতি প্রতিষ্ঠিত করে দৃষ্টান্ত স্থাপন করা হবে ইনশাআল্লাহ। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ এই দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়ন করবো। আর্থসামাজিক উন্নয়নসহ শ্রম, শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তাছাড়া একটি মেডিকেল কলেজ স্থাপন, তথ্য প্রযুক্তি ও কারিগরী শিক্ষায় আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি কৃষি ও শিল্প ক্ষেত্রে স্থায়ী ও বাস্তবায়ন উদ্যোগ বাস্তবায়ন করা হবে।’

 

প্রচার শুরুর প্রথম দিন সকালে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজার ও বিয়ানীবাজার সরকারি কলেজ রোডে কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন। এরপর তিনি বেলা ২টায় গোলাপগঞ্জ পৌরশহরে পৌঁছান। দলীয় নেতাকর্মীদের নিয়ে গোলাপগঞ্জ পৌর শহরজুড়ে গণসংযোগ করেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

জাতীয় সংসদ নির্বাচন, সিলেট, এডভোকেট জাহিদুর রহমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ