১৯ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জ-৩

‘আলোচিত-সমালোচিত’ শাহীনুর পাশাতেই আস্থা ১১ দলীয় জোটের

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৬ জানুয়ারী, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ন


সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গত জাতীয় নির্বাচনে অংশ নেওয়া আলোচিত-সমালোচিত রাজনীতিবিদ অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী। 

এই আসনে ১১ দলীয় জোটের শরিক আরোও ৩টি দলের প্রার্থীকে পেছনে ফেলে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে জোটের চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করেছেন তিনি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় মুঠোফোনে সিলেট ভয়েসকে এই তথ্য নিশ্চিত করেছেন শাহীনুর পাশা চৌধুরী। 

১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পাশা বলেন, ‘আল্লাহর শুকরিয়া এবং ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি মোবারকবাদ জানাই৷ তারা সঠিকভাবে মাঠের জনপ্রিয়তা যাচাই-বাছাই করে আমাকে মূল্যায়ন করেছেন। সকলের সার্বিক সহযোগীতায় আগামী দিনে সুনামগঞ্জ-৩ আসন ১১ দলীয় জোটকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।’

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে ৬ বার নির্বাচনে অংশগ্রহণ করে একবার এমপিও হয়েছিলাম। এপর্যন্ত পৌঁছাতে আমার ৩৫ বছর সময় লেগেছে। আমার প্রতিপক্ষের প্রার্থী যারা রয়েছেন তারা নির্বাচনের মাঠে একেবারে নতুন। কাজেই প্রতিপক্ষকে আমার কাছে মোটেই কঠিন মনে হচ্ছে না। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

২০২৪ সালের ৭ই জানুয়ারী বিতর্কিত নির্বাচনে 'কিংস পার্টি' খ্যাত তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে সোনালী আঁশ প্রতীকে নির্বাচন করেন মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহন করায় তাকে দল থেকে বহিষ্কার করে জমিয়ত। 

তুমুল বিতর্কের মুখেও ওই নির্বাচনে অংশ নিয়ে জামানত হারান তিনি। সর্বশেষ ২০২৪ সালের ১৬ই ডিসেম্বর মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন শাহিনুর পাশা। বর্তমানে তিনি দলটির কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জ-৩, শাহীনুর পাশা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ