ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসের অনুষ্ঠানে যোগ দিতে হবিগঞ্জে মির্জা ফখরুল
ইতিহাস-ঐতিহ্য
প্রকাশঃ ১৪ জানুয়ারী, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসবকে ঘিরে মৌলভীবাজারের শেরপুরে বসেছে ঐতিহ্যবাহী শতবর্ষী মাছের মেলা। সোমবার (১২ জানুয়ারি) রাত থেকে শুরু হয়ে আজ বুধবার (১৪ জানুয়ারি) পর্যন্ত চলবে এই মেলা।
কুশিয়ারা নদীর তীরে আয়োজিত এই মেলা এখন শুধু কেনাবেচার জায়গা নয়, বরং এ অঞ্চলের মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে।
লোকমুখে প্রচলিত আছে, শেরপুরের এই মাছের মেলার বয়স শত বছরেরও বেশি। কেউ কেউ বলছেন, দেড় থেকে দুইশ বছর ধরে চলে আসছে এই আয়োজন। সময়ের সঙ্গে সঙ্গে এর পরিসর বেড়েছে, বদলেছে রূপ। এখন এটি দেশের অন্যতম বড় মাছের মেলা হিসেবে পরিচিত।
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর এলাকায়, কুশিয়ারা নদীর পাড়ে বসেছে মেলাটি। রাত–দিন ধরে এখানে পাইকারি ও খুচরা—দুইভাবেই মাছ কেনাবেচা চলছে।
মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। বাঘাইড়, বোয়াল, আইড়, চিতল, কাতলা, রুই, সিলভার কার্পসহ ছোট–বড় নানা জাতের মাছে ভরপুর মেলার বাজার। বরাবরের মতো এবারও নজর কেড়েছে বড় মাছ—একটি বাঘাইড়ের দাম হাঁকা হয়েছে প্রায় এক লাখ টাকা।
মাছের পাশাপাশি মেলায় বসেছে কৃষিপণ্য, আসবাবপত্র, শৌখিন সামগ্রী ও শিশুদের খেলনার দোকান। মেলা উপলক্ষে মৌলভীবাজারসহ আশপাশের জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে বলে জানিয়েছেন আয়োজক ও স্থানীয়রা।
প্রবীণদের কাছ থেকে জানা যায়, একসময় হাওর ও কুশিয়ারা নদী থেকে ধরা মাছ পৌষ–সংক্রান্তি ও নবান্ন উৎসবকে কেন্দ্র করে এখানে বিক্রি করা হতো। ধীরে ধীরে সেই আয়োজনই বড় আকারের মাছের মেলায় রূপ নেয়।
মেলায় আসা মাছ ব্যবসায়ী বকুল পাল বলেন, প্রায় ৩০ বছর ধরে এই মেলায় আসছি। এখান থেকে পাইকারি মাছ কিনে বিভিন্ন বাজারে বিক্রি করি।
ক্রেতা রেজওয়ান আহমেদ ও তপু দেব বলেন, শখ করেই মেলায় আসা। এখানে এত বড় মাছ দেখা যায়, যা সাধারণ বাজারে কল্পনাও করা যায় না। দাম বেশি হলেও এই মেলার আলাদা আকর্ষণ আছে।
কিশোরগঞ্জ থেকে আসা ব্যবসায়ী সাহান আহমেদ বলেন, এটি দেশের অন্যতম বড় মাছের মেলা। আমরা পাইকারি মাছ বিক্রি করি, এখান থেকে কিনে ব্যবসায়ীরা সারা দেশে সরবরাহ করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মেলায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, শেরপুরের এই মাছের মেলার পাশাপাশি পৌষ–সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের গ্রাম ও শহরের বিভিন্ন বাজারেও মাছের মেলা বসেছে। ঐতিহ্য আর উৎসবের আবহে পুরো জেলাজুড়েই চলছে মাছ কেনাবেচার উৎসব।
মৌলভীবাজার, শতবর্ষী, মাছ মেলা, পৌষ সংক্রান্তি, নবান্ন উৎসব