কাজ থাকলে আয়, না থাকলে ধার: সিলেট নগরীর শ্রমিকদের বাস্তবতা
দৈনন্দিন
২০ লাখ ৮১ হাজারটাকা জরিমানা আদায়
প্রকাশঃ ২ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০২ অপরাহ্ন
সিলেট জেলায় গত এক বছরে গ্রাম আদালতের মাধ্যমে ১ হাজার ২৪৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। একইসঙ্গে জরিমানা বাবদ ২০ লাখ ৮১ হাজার টাকা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালতের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, গত এক বছরে জেলার বিভিন্ন ইউনিয়নের ১ হাজার ৪৩৮ জন ব্যক্তি গ্রাম আদালতে মামলা করেছেন। এর মধ্যে নারী ছিলেন ৩১১ জন এবং পুরুষ ৯৩৪ জন।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, ‘গ্রাম আদালতে সহজেই বিরোধ নিষ্পত্তি হয়। তাই সাধারণ মানুষকে গ্রাম আদালতে যেতে উদ্বুদ্ধ করতে হবে। বেশি করে গ্রাম আদালতের প্রচার চালাতে হবে। যাতে মানুষ কোর্টে না গিয়ে গ্রাম আদালতে যায়।’
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সৎ ও নিরপেক্ষ থেকে কাজ করুন। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে।’
ডিসি আরও বলেন, জন্ম নিবন্ধন সেবায় আগামী তিন মাসের মধ্যে সিলেটকে দেশের সেরা পাঁচ জেলার মধ্যে নিয়ে আসার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে এলাকায় অপরাধ প্রবণতা কমাতে চেয়ারম্যান ও সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার। শুরুতে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি ও প্রচার কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্পের সিলেট ও মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনডিপির প্রকল্প মূল্যায়নকারী শাহাদাত হোসেন। সভায় জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা অংশ নেন।
জেলা প্রশাসন সিলেট, সিলেট, গ্রাম আদালত, মামলা নিষ্পত্তি