২৯ এপ্রিল ২০২৬

কৃষি

বৃষ্টিতে সিলেট-সুনামগঞ্জের নদীর পানি বাড়লেও এখনো বিপৎসীমার নিচে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২৬ ৩:৩০ অপরাহ্ন


টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদ-নদীর পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো নদীর পানি প্রাক-বর্ষাকালের বিপৎসীমা অতিক্রম করেনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে ২২ মিলিমিটার। টানা এই বৃষ্টির সঙ্গে ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা ঢল যুক্ত হয়ে নদীগুলোর পানির উচ্চতা বাড়াচ্ছে।

পাউবোর তথ্য অনুযায়ী, সিলেটের সুরমা, কুশিয়ারা, পিয়াইন ও সারিগোয়াইন নদীর বিভিন্ন পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার হলেও মঙ্গলবার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ৫ দশমিক ৮৮ সেন্টিমিটার। সিলেট পয়েন্টেও পানি বিপৎসীমার অনেক নিচে রয়েছে।

অন্যদিকে সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি প্রায় ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নদীর পানি সেখানে বিপৎসীমার ১৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিনের বৃষ্টিপাত এবং উজানের ঢলের কারণে জেলার নদ-নদীগুলোতে স্বল্প সময়ের ব্যবধানে পানি বাড়ছে। এর প্রভাবে সুনামগঞ্জের হাওরাঞ্চলের নিম্নাঞ্চলে পানি জমতে শুরু করেছে।

সদর উপজেলার শিয়ালমারা হাওরের কৃষক শফিক আহমদ বলেন, “আমাদের হাওরে ধান এখনো পুরোপুরি কাটা হয়নি। কোথাও কোথাও পানি ঢুকে ফসল ডুবে যাচ্ছে। দ্রুত ধান কাটতে না পারলে ক্ষতির আশঙ্কা রয়েছে।”

শহরতলীর ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বলেন, কয়েকদিন ধরে বৃষ্টির কারণে ধান কাটা ব্যাহত হচ্ছে। নদীর পানি বাড়তে থাকায় দুশ্চিন্তা আরও বাড়ছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, প্রাক-বর্ষা মৌসুমে বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে নদীর পানি ধীরে ধীরে বাড়া স্বাভাবিক। বর্তমানে সব নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি আরও বাড়তে পারে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, আগামী কয়েকদিন উজান ও দেশের ভেতরে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পানি পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।


শেয়ার করুনঃ

কৃষি থেকে আরো পড়ুন

সিলেট, সুনামগঞ্জ, নদী, পাউবো

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ