কৃষকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন, কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে: কয়ছর আহমদ
কৃষি
প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, কৃষকরা সবাই তেল পাচ্ছেন। কিছু কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় স্থান ভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘এবছর শুরু থেকেই কৃষকরা একটা আতঙ্কের মধ্যে ছিলেন। এখন সবাই আতঙ্ক মুক্ত আছেন। স্বল্প কয়েকদিনের মধ্যে ধান কাটা শেষ হবে। এরপর আমরা শোকরানা মাহফিল করবো।’
কৃষি বিষয়ে সরকারের পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, কৃষি নিয়ে যে গবেষণা হচ্ছে এটিই একটি বড় পরিকল্পনা। এখানে একসাথে ৫১ রকমের ধান নিয়ে গবেষণা হচ্ছে। কোন ফসল দ্রুত গতিতে হবে, এক ফসলি জমিকে কিভাবে বছরে দুই ফসলী, তিন ফসলী হিসেবে ব্যবহার করা যায় সেটা নিয়ে গবেষণা হচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে বলেছিলেন আমাদের জনসংখ্যা বাড়ছে কিন্তু জমির পরিমান বাড়ছে না। তাই আমরা একই জমিতে কিভাবে একাধিকবার ফসল রোপন করা যায় সেটি নিয়ে সরকারী পৃষ্ঠপোষকতায় গবেষণা হচ্ছে। সরকার এটিকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে। এটি আমাদের সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কমিটমেন্ট।’
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহজাহান, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন প্রমুখ।
কৃষক, জ্বালানি তেল, এমপি কয়ছর