২৫ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

যথাযোগ্য মর্যাদায় সিকৃবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৬ মার্চ, ২০২৬ ৯:১৯ অপরাহ্ন


যথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনসহ সকল একাডেমিক ভবন, অফিস ও আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 

দিবসটি উপলক্ষে সকালে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

 

শোভাযাত্রায় ডিন কাউন্সিলের আহ্বায়ক, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টর, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, বিভাগের পরিচালক, দপ্তরপ্রধানসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

 

শোভাযাত্রা শেষে শহীদ মিনারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিকৃবির উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। সমাপনী বক্তব্য রাখেন জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মহান স্বাধীনতা আমাদের পরম অহংকার ও গর্বের প্রতীক। 

 

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যা দ্বিধাগ্রস্ত জাতিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করেছিল।

 

উপাচার্য তার বক্তব্যে বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান—বিএনপির এই তিন শীর্ষ নেতৃত্ব বিভিন্ন সময়ে দেশের রাষ্ট্রীয় কাঠামো, অর্থনৈতিক ভিত্তি মজবুত ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও খাল কাটা কর্মসূচি, খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র ও শিক্ষা এবং তারেক রহমান ‘ভিশন ২০৩০’-এর মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রেখে চলেছেন।

 

পরে জাতীয় দিবস উদযাপন কমিটির ব্যবস্থাপনায় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য, জাতীয় দিবস উদযাপন কমিটি, ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, প্রক্টর কার্যালয়, বিভিন্ন আবাসিক হল, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, আঞ্চলিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিকৃবি, সিলেট, স্বাধীনতা দিবস,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ