সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্রদল।

শুক্রবার (৯ মে) বিকেলে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে স্থানীয় মামার বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মামার বাজার পয়েন্টে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

পূর্ব জাফলং ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, তৈয়ব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহমুদুল ইসলাম, মধ্য জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, পূর্ব জাফলং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক উসমান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম আহমদ, প্রচার সম্পাদক জুয়েল আহমদসহ আরও অনেক ছাত্রনেতা।

এসময় তারা অভিযোগ করেন, '২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় তৎকালীন সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রিয় নেতা মরহুম দিলদার হোসেন সেলিম নিজ এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের কারণে কোনো সভা-সমাবেশ করতে পারেননি। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সন্ত্রাসীরা তার সভামঞ্চ ভেঙে দেয়। অথচ এখন সেই সন্ত্রাসীরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে।'

বক্তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাফলংয়ের সকল ‘আওয়ামী দুষ্কৃতিকারীদের’ গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের পুনর্বাসনে যারা সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধেও ছাত্রদল সোচ্চার থাকবে।'



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

পূর্ব জাফলং, গোয়াইনঘাট, ছাত্রদল বিক্ষোভ, আওয়ামী পুনর্বাসন,